জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কখনও কখনও চিত্রনাট্যকেও হার মানায় বাস্তব। রোমান্টিক মুভির মতোই মাঝে মাঝে ম্যাজিকাল হয়ে ওঠে বাস্তবিক জীবন। বিয়ে করলেন গায়ক দুর্নিবার সাহার (Durnibar Saha) প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। তিনি জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ঋতজিৎ রায়চৌধুরিকে (Ritajit Raychaudhuri)। কে এই হৃতজিৎ? এখানেই আসল চমক।
পেশায় ঋতজিৎ একজন কালারিস্ট। যিনি সিনেমার সঙ্গে যুক্ত ও এক প্রযোজনা সংস্খা। সিনেমার কালার কারেশনের কাজ করেন তিনি। তিনি হলেন দুর্নিবারের বর্তমান স্ত্রী মোহর ওরফে ঐন্দ্রিলার প্রাক্তন প্রেমিক। অর্থাৎ, মোহর-দুর্নিবারের প্রাক্তনেরা এবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন, যা নিয়ে চর্চা ইন্ডাস্ট্রিতে।
সূত্রের খবর অনুযায়ী, হৃতজিৎ এবং মীনাক্ষী বেশ কিছুদিন আগেই চুপিসারে ঘরোয়া আয়োজনে তাঁদের আইনি বিয়ে সেরে ফেলেছেন। বৃহস্পতিবার অর্থাৎ আজ (ডিসেম্বর ১১, ২০২৫) সন্ধ্যায় তাঁরা একটি ঘরোয়া রিসেপশনেরও আয়োজন করছেন। যদিও তাঁদের প্রেমের খবর কাকপক্ষীতেও টের পায়নি। সোশ্যাল মিডিয়ায় তাঁরা একে-অপরকে ফলো করলেও, কোথাও তাঁদের একসঙ্গে কোনো ছবি অবধি দেখা যায়নি।
প্রসঙ্গত, ২০২১ সালের গোড়ার দিকে দুর্নিবার সাহা এবং মীনাক্ষী মুখোপাধ্যায়ের সামাজিক বিয়ে হয়। প্রেমের সম্পর্ক থেকেই মীনাক্ষীর সঙ্গে ঘর বেঁধেছিলেন দুর্নিবার। কিন্তু বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই তাঁদের দাম্পত্যে চিড় ধরে এবং তাঁরা আলাদা থাকতে শুরু করেন। এরপর ২০২৩ সালে দুর্নিবার সাহা, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক ঐন্দ্রিলাকে তথা মোহরকে বিয়ে করেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজে দাঁড়িয়ে থেকে তাঁদের বিয়ে দেন। বর্তমানে এই দম্পতির এক পুত্রসন্তানও রয়েছে।
দুর্নিবারের দ্বিতীয় বিয়ের সময় মীনাক্ষী মুখোপাধ্যায় নিয়ে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। সেই সময় মীনাক্ষীর নানা পোস্ট ঘিরেও চলে কাঁটাছেঁড়া। সেই ঘটনার পর কেটে গেছে অনেকটা সময়। আবার নতুন করে শুরু করছেন মীনাক্ষী। তবে এবার সোশ্যাল মিডিয়াকে এড়িয়েই চলতে দেখা গেল মীনাক্ষীকে।
(Feed Source: zeenews.com)
