New labour codes pay cut in your take-home salary?: কোনও পে-কাট নয়! নতুন লেবার কোডে বেসিক পে বাড়লেও, কমছে না টেক-হোম… বুঝে নিন হিসেব….

New labour codes pay cut in your take-home salary?: কোনও পে-কাট নয়! নতুন লেবার কোডে বেসিক পে বাড়লেও, কমছে না টেক-হোম… বুঝে নিন হিসেব….

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেক বেতনভোগী কর্মীরা আশঙ্কা করেছিলেন যে নতুন লেবার কোডের ফলে তাদের হাতে মাসিক আয় মানে টেক হোম স্যালারি কমে যাবে। কারণ নতুন লেবার কোড অনুযায়ী মোট বেতনের অন্তত ৫০% হবে বেসিক পে ও অন্যান্য সংশ্লিষ্ট খাতে দেওয়া টাকার পরিমাণ। কিন্তু তার জন্য পিএফ-এর কারণে টেক হোম কমে যাবে! বাস্তবে এমনটা হবে না। কোনও প্রভাব পড়বে না টেক হোমে।

২১ নভেম্বর ২০২৫-এ নতুন শ্রম কোড চালু হয়েছে। তার পর থেকেই বহু বেতনভুক কর্মী উদ্বিগ্ন ছিলেন যে তাদের ‘টেক-হোম’ স্যালারি কমে যাবে। এই আশঙ্কা ও উদ্বেগের বড় কারণই ছিল নতুন লেবার কোডে বেসিক পে ও সংশ্লিষ্ট আরও বিভিন্ন খাতে টাকা মোট বেতনের অন্তত অর্ধেক হওয়ার নিয়ম। প্রত্যেকেই ভেবেছিলেন, বেসিক পে বাড়লে পিএফ-এ কাটার অনুপাতও বাড়বে, ফলে হাতে পাওয়া বেতন কমবে। কিন্তু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক স্পষ্ট করে দিয়েছে যে এই ভয় ভিত্তিহীন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, নতুন লেবার কোডের ফলে কারও হাতে পাওয়া বেতন কমবে না। 

কীভাবে হবে পিএফ-এর হিসেব

নতুন লেবার কোডে বেসিক পে-র পরিমাণ বাড়লেও, পিএফ আগের মতোই কাটবে। আগের মতোই ১৫,০০০ টাকার নির্ধারিত সীমার উপর ভিত্তি করেই হবে। যদি না কর্মী ও নিয়োগকর্তা স্বেচ্ছায় এর চেয়ে বেশি পিএফ-এ কাটার বিকল্প বেছে নেন। এখন পিএফ ১৫,০০০ টাকায় সীমাবদ্ধ থাকলে মাসিক কাটার পরিমাণও অপরিবর্তিত থাকবে। মন্ত্রক স্পষ্ট জানিয়েছে যে, নতুন আইনে কোথাও বলা নেই যে পিএফ পুরো বেতনের উপর হিসাব করতে হবে।

এই প্রসঙ্গে মন্ত্রক একটি উদাহরণও দিয়েছে। যেমন কোনও কর্মীর মাসিক বেতন ৬০,০০০ টাকা। এর মধ্যে বেসিক পে ও মহার্ঘভাতা ২০,০০০ টাকা এবং বাকি ৪০,০০০ টাকা বিভিন্ন ভাতা হিসাবে অন্তর্ভুক্ত। এবার ওই কর্মী যদি বেশি পিএফ কাটার বিকল্প বেছে না নেন, তবে পিএফ ১৫,০০০ টাকার উপরই হিসাব হবে। পুরনো নিয়মে যেমন ছিল, নতুন কোডেও পিএফ অবদান একই থাকবে। সেখানে নিয়োগকর্তা দেন ১,৮০০ টাকা এবং কর্মীর থেকে কাটবে ১,৮০০ টাকা। ফলে হাতে পাওয়া বেতন আগের মতোই ৫৬,৪০০ টাকা থাকবে।

সরকারের তরফে এই ব্যাখ্যা মেলার পর সবাই আশ্বস্ত হয়েছেন। যারা ভেবেছিলেন নতুন লেবার কোডে টেক হোম স্যালারি কমে যাবে। মন্ত্রকের মতে, সংশোধিত লেবার কোডের উদ্দেশ্য হল স্বচ্ছতা ও সমতা আনা—বেতন কমানো নয়।

আপনার টেক হোম বেতনে প্রভাব পড়ার সম্ভাবনা কম

তাই নতুন শ্রম কোড চালু হওয়ায় বেতন কাঠামো বদলালেও, যদি কেউ বেশি পিএফ কাটার সিদ্ধান্ত না নেন , তবে হাতে টাকার পরিমাণ কমার কোনও সম্ভাবনা নেই। নতুন পরিকাঠামো অনুযায়ী, বেসিক পে, মহার্ঘভাতা ও ‘রিটেইনিং অ্যালাউয়েন্স’ মিলিয়ে মোট বেতনের কমপক্ষে ৫০% হতে হবে। একমাত্র তখনই টেক হোম স্যালারি কমবে, যদি নিয়োগকর্তা ও কর্মী দু’জনই ১৫,০০০ টাকার বেশি ভিত্তিতে পিএফ কাটার বিকল্প বেছে নেন। আর এটা সম্পূর্ণটাই ঐচ্ছিক। তাই এই বিকল্প না বাছলে পিএফ আগের মতোই  কাটা হবে।

মন্ত্রক এককথায় স্পষ্ট করে দিয়েছে যে, নতুন শ্রম কোড নিয়ে যে বেতন সংক্রান্ত ভীতি ছড়িয়েছিল তা একেবারেই অমূলক। হিসেব-ই বলে দিচ্ছে যে, অধিকাংশ কর্মীর হাতে পাওয়া বেতন ঠিক আগের মতোই থাকবে। নতুন লেবার কোডের উদ্দেশ্যই হল স্বচ্ছতা ও সামঞ্জস্য আনা—পে-কাট নয়।

(Feed Source: zeenews.com)