গাড়ি থেকে নামতেই পারলেন না শাহরুখ, নীরবে বেরিয়ে গেলেন সৌরভ, মেসি-শোয়ে তাণ্ডব

গাড়ি থেকে নামতেই পারলেন না শাহরুখ, নীরবে বেরিয়ে গেলেন সৌরভ, মেসি-শোয়ে তাণ্ডব
সন্দীপ সরকার, কলকাতা: তিনি শুক্রবার রাতেই কলকাতায় ঢুকে গিয়েছিলেন। বিশ্ব ফুটবলের সর্বশ্রেষ্ঠ তারকার সঙ্গে দেখা হবে, ভেতর ভেতর যেন রোমাঞ্চ অনুভব করছিলেন শাহরুখ কিংগ খানও (Shah Rukh Khan)। সোশ্যাল মিডিয়ায় দিন দুয়েক আগেই ঘোষণা করেছিলেন যে, গোট কনসার্টে তিনি থাকছেন সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে। এক মঞ্চে লিওনেল মেসি ও শাহরুখকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল জনতা।

তবে সব কিছু ওলটপালট হয়ে গেল শনিবার। মেসিকে ঘিরে বেনজির হুড়োহুড়িতে আর্জেন্তিনার সুপারস্টারের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝেই মেসিকে মাঠ থেকে বার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাতেই জনরোষ। যা ধিকধিক করে জ্বলছিল, যতক্ষণ মেসি মাঠে ছিলেন। কারণ, মেসিকে ঘিরে মন্ত্রী, আমলা, পুলিশকর্মীদের এমন ভিড় হয়েছিল যে, তাঁকে ঠিকমতো দেখাই যাচ্ছিল না। সেই রোষের আগুনই দাবানল হয়ে ছড়িয়ে পড়ে মেসিকে মাঠ থেকে বার করে নেওয়া হচ্ছে দেখেই।

শুরু হয় জলের বোতল ছোড়া দিয়ে। তারপর খাবারের প্যাকেট ছোড়া হতে থাকে। খানিক পরেই বাকেট চেয়ার ভেঙে মাঠে ছুড়তে শুরু করে উত্তেজিত জনতা।

শাহরুখ খান মাঠে পৌঁছে গিয়েছিলেন। তাঁর গাড়ি যুবভারতী স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকে ভিআইপি জোনেও চলে এসেছিল। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে কিংগ খানকে গাড়ি থেকে নামতে বারণ করা হয়। গাড়িতেই মিনিট বিশেক অপেক্ষা করেন শাহরুখ। তারপর মাঠ ছাড়েন। শাহরুখ-মেসিকে এক মঞ্চে দেখার সুযোগ থেকে বঞ্চিত হন দর্শকেরা।

মাঠে এসে গিয়েছিলেন আরও এক ভিআইপি। সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঠের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা হয়ে যায় যে, সৌরভ মাঠে এসে গিয়েছেন। কিন্তু পরিস্থিতি খারাপ হতে শুরু করায় এবং তুমুল হট্টগোলে সৌরভ নীরবেই মাঠ থেকে বেরিয়ে যান।

গোট কনসার্টে আসার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তিনি বাড়ি থেকে রওনাও হয়ে গিয়েছিলেন। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় গাড়ি ঘুরিয়ে ফিরে যান মুখ্যমন্ত্রী। পরে সোশ্যাল মিডিয়ায় তিনি মেসির কাছে দুঃখপ্রকাশ করেন।

সব মিলিয়ে ডিসেম্বরের শহরে জমকালো এক সকালের অপেক্ষায় ছিলেন বাংলার ক্রীড়াপ্রেমী মানুষ। পরিবর্তে লজ্জা আর কলঙ্কের সঙ্গী হয়ে বাড়ির পথ ধরলেন সকলে। আর মেসি? কলকাতা সম্পর্কে কী স্মৃতি নিয়ে ফিরলেন আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী?

(Feed Source: abplive.com)