Nitish Kumar hijab controversy: হিজাব বিতর্কে আরও বিপাকে নীতীশ, সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না সেই মহিলা চিকিত্‍সক!

Nitish Kumar hijab controversy: হিজাব বিতর্কে আরও বিপাকে নীতীশ, সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না সেই মহিলা চিকিত্‍সক!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো:  হিজাব বিতর্ক নয়া মোড়। নিয়োগপত্র পেয়েছেন। কিন্তু বিহারের সেই মহিলা চিকিত্‍সক সরকারি চাকরি যোগ নিতে রাজি নন বলে খবর। ভাইয়ের দাবি, নিজের সিদ্ধান্তে অনড় তিনি।

জানা গিয়েছে, ওই মহিলা চিকিত্‍সকের ভাই কলকাতায় একটি সরকারি ল’কলেজে কর্মরত। তিনি জানিয়েছে, ‘ও সরকারি চাকরিতে যোগ দিতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি ও পরিবারের লোকেরা  অনেক বোঝানোর চেষ্টা করেছি। আমরা বলেছি যে,দোষ অন্য একজনের, তাহলে তার সাজা সে কেন ভোগ করবে? কিন্তু সিদ্ধান্ত বদলানো যায়নি’। আগামী ২০শে ডিসেম্বর সরকারি চাকরিতে যোগ দেওয়ার কথা ওই মহিলা চিকিত্‍সকের।

ঘটনার সূত্রপাত গত সোমবার। সেদিন বিহারে এক সরকারি অনুষ্ঠানে ওই মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দেন খোদ মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। চিকিত্‍সকদের হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছিলেন নীতীশ। ভিডিওতে দেখা যায়, হিজাব পরিহিত এক মহিলা ডাক্তার মঞ্চে নিয়োগপত্র নিতে এলে ৭৪ বছর বয়সী জেডি(ইউ) নেতা নীতীশ কুমার তাঁর হিজাবের দিকে ইঙ্গিত করেন। মহিলাটি কিছু বুঝে ওঠার আগেই তিনি হাত বাড়িয়ে হিজাবটি মহিলার মুখ থেকে টেনে নামিয়ে দেন, যাতে তাঁর মুখের কিছু অংশ দেখা যায়। এই কাজ করে মুখ্যমন্ত্রীর মুখে সেই সময় একটি নির্বিকার হাসিও দেখা যায়।

নীতীশ কুমারের এহেন আচরণের কড়া নিন্দা করেছেন ‘দঙ্গল’ খ্যাত প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিম। ঘটনার কড়া নিন্দা করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ সরব হন। তিনি এই ঘটনাটিকে “অত্যন্ত বিরক্তিকর” বলে অভিহিত করেন।

জায়রা লেখেন, “একজন মহিলার মর্যাদা ও শালীনতা এমন কোনও খেলনা নয়, যা নিয়ে ছিনিমিনি খেলা যায়। বিশেষ করে কোনও প্রকাশ্য মঞ্চে।” নিজেকে একজন মুসলিম মহিলা হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “একজন মুসলিম মহিলা হিসেবে, অন্য একজন মহিলার নিকাবকে এত সহজে টেনে নামানো এবং সেই সঙ্গে তাঁর নির্বিকার হাসি দেখাটা ছিল অত্যন্ত ক্ষোভজনক। ক্ষমতা কাউকে সীমা লঙ্ঘনের অনুমতি দেয় না। নীতীশ কুমারের উচিত ওই মহিলার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া।”

এই ঘটনায় সরব কংগ্রেসও। স্রেফ ক্ষমা প্রার্থনাই নয়, বিহারের মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করেছে তারা। কংগ্রেসে তরফে এক্স হ্যান্ডেল পোস্টে জাানানো হয়েছে, ‘একজন মহিলা চিকিৎসক তাঁর নিয়োগপত্র নিতে এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী তাঁর হিজাব টেনে খুলে দিলেন। বিহারের সর্বোচ্চ পদে আসীন একজন ব্যক্তির এই ধরনের আচরণ রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। নীতিশ কুমারের অবিলম্বে পদত্যাগ করা উচিত’।

(Feed Source: zeenews.com)