)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গল্প নয়! গল্পের মতো অবশ্য। মরুদেশে বরফপাত (snowfall in Desert)! গল্পের মতো হলেও সত্য! তপ্ত মরুদেশে তুষারপাতের এই বিরল ঘটনা সৌদি আরবের (Saudi Arabia Snowfall)। সেখানেই আচমকা এই অভূতপূর্ব ও বিরল আবহাওয়া দেখা গিয়েছে। সম্প্রতি আরবের বেশ কিছু অঞ্চলে ভারী তুষারপাত হয়েছে। যা সাধারণত মরুভূমির মতো উষ্ণ আবহাওয়ার দেশে ঘটে না। সেই হিসেবে ঘটনাটি অত্যন্ত বিস্ময়কর। সোশ্যাল মিডিয়ায় এর ছবি ছড়িয়ে পড়ে। দেখা যাচ্ছে, মাইলের পর মাইল মরুভূমি এবং পাহাড় সাদা বরফের চাদরে ঢাকা! অবিশ্বাস্য!
মরুতে তুষার
মরুতে তুষার। মূলত সৌদি আরবের উত্তরের তাবুক অঞ্চল এবং বিশেষ করে জাবাল আল-লাউজ পাহাড়ে এই তুষারপাত দেখা গিয়েছে। এছাড়া হাইল এবং আল-জাওফ অঞ্চলেও বরফ পড়ার খবর পাওয়া গিয়েছে। গত কয়েকদিন ধরে ওই এলাকায় তাপমাত্রা ব্যাপক হারে হ্রাস পেয়েছে। কিছু জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গিয়েছে। তাপমাত্রা পৌঁছে গিয়েছিল প্রায় মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
অবিশ্বাস্য ছবি
সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়ে গিয়েছে সৌদির বরফ নিয়ে। উঠছে প্রশ্ন, জাগছে প্রতিক্রিয়া। তুষারাবৃত মরুভূমির এই চমৎকার দৃশ্য দেখে অনেক নেটিজেনই অবাক হয়েছেন। কেউ কেউ এতই বিস্মিত হয়ে পড়েছেন যে, তাঁরা নিজের চোখকেও বিশ্বাস করতে পারেননি! তাঁরা প্রশ্ন করেছেন, এগুলি কি আসল ছবি, না কি এআই দিয়ে তৈরি? না, সকলেই অবশ্য এরকম নন। অনেকেই বিষয়টা বিশ্বাস করেছেন। তাঁরা সৌদির এই আচমকা তুষারপাতকে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবেও দেখছেন।
পর্যটনে ঢেউ
মরুদেশের এই বিরল দৃশ্য দেখার জন্য ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। বাইরের পর্যটকেরাও ওই এলাকায় ভিড় জমাচ্ছেন, বিরল এই দৃশ্য দেখবেন বলে। তুষারের উপর দিয়ে গাড়ি চালানো এবং মরুভূমিতে বরফ নিয়ে খেলার লোভে দলে দলে ভিড় জমাচ্ছেন সকলে। এর ভিডিয়োও তোলা হচ্ছে। আর পরে সেগুলি দাপিয়ে বেড়াচ্ছে ইন্টারনেট।
কেন এমন?
আবহাওয়াবিদদের মতে, ভূমধ্যসাগর থেকে আসা শীতল একটি বায়ুপ্রবাহ এবং তার সঙ্গে থাকা নিম্নচাপ– এর কারণেই সৌদি আরবের উত্তরাঞ্চলে এই তুষারপাত। সঙ্গে ভারী শিলাবৃষ্টি। সৌদি আরবে শীতকালে অবশ্য আগেও কখনও-সখনও তুষারপাত হয়েছে, তবে এবার তুষারপাতের পরিমাণ এবং যত এলাকা জুড়ে তা পড়েছে, গত কয়েক বছরের তুলনায় তার পরিমাণ অনেক বেশি।
(Feed Source: zeenews.com)
