জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে রাজনৈতিক হিংসার এক চরম ও নৃশংস রূপ দেখল লক্ষ্মীপুর। গভীর রাতে এক বিএনপি নেতার বাড়িতে বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে সাত বছর বয়সী এক শিশুকন্যার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই নেতা এবং তাঁর আরও দুই মেয়ে।
শনিবার রাত আনুমানিক ১টা নাগাদ লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পশ্চিম চর মনসা গ্রামে এই ঘটনা ঘটে। আক্রান্ত বেলাল হোসেন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং পেশায় একজন সার ব্যবসায়ী। বেলালের মা হাজেরা বেগম জানান, রাতে খাওয়া-দাওয়ার পর পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত ১টা নাগাদ হঠাৎ জানলা দিয়ে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তিনি চিৎকার শুরু করেন। বাইরে বেরিয়ে দেখেন, তাঁর ছেলের টিনের ঘরের সদর দরজায় বাইরে থেকে তালা লাগানো। ভিতরে আটকে পড়া বেলাল কোনোক্রমে দরজা ভেঙে স্ত্রী ও ছোট সন্তানদের নিয়ে বাইরে বেরোতে সক্ষম হন। কিন্তু অপর ঘরে ঘুমিয়ে থাকা তাঁর তিন মেয়ে আগুনের কবলে পড়ে।
অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বেলালের সবচেয়ে ছোট মেয়ে আয়েশা আক্তারের, তাঁর বয়স ৭ বছর। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় বেলালের অপর দুই মেয়ে সালমা আক্তার (১৬)এবং সামিয়া আক্তারকে (১৪)। তাঁদের শরীরের প্রায় ৫০-৬০ শতাংশ পুড়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাতেই ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ জানান, “প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এটি একটি পরিকল্পিত নাশকতামূলক কাজ। বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়া হয়েছে। আমরা অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছি।” জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
Feed Source: zeenews.com)
