Photography Exhibition In Kolkata: নীল রঙের দর্শন নিয়ে জোর চর্চা! বিড়লা অ্যাকাডেমিতে শিল্পীর প্রদর্শনীতে তুমুল ভিড়…

Photography Exhibition In Kolkata: নীল রঙের দর্শন নিয়ে জোর চর্চা! বিড়লা অ্যাকাডেমিতে শিল্পীর প্রদর্শনীতে তুমুল ভিড়…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতার শিল্প ও সংস্কৃতি মহলে মঙ্গলবার সন্ধ্যায় এক নতুন মাত্রা যোগ হল। বিড়লা অ্যাকাডেমি অফ আর্ট অ্যান্ড কালচারে (Birla Academy of Art & Culture) প্রখ্যাত আলোকচিত্রী ড. কৌশিক ঘোষের পঞ্চদশ একক প্রদর্শনী এবং তাঁর ত্রয়োদশ গ্রন্থ ‘BLUES’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হল। শিল্পের ক্যানভাসে নীল রঙের গভীরতা, মনস্তত্ত্ব ও নান্দনিকতা অন্বেষণের এক সন্ধিক্ষণ হয়ে রইল এই সন্ধ্যা।

ড. কৌশিক ঘোষের এবারের প্রদর্শনীর মূল ভাবনা ‘ব্লুজ’ (BLUES)। আলোকচিত্রের মাধ্যমে তিনি নীল রঙের আবেগ, সৌন্দর্য ও দার্শনিক দিকগুলি তুলে ধরেছেন। নীল কীভাবে মানুষের মন, শিল্প, ধর্ম, আধ্যাত্মিকতা, এমনকি সিনেমাতেও প্রভাব ফেলে, সেই জটিল মনস্তাত্ত্বিক ব্যাখ্যাই তাঁর ক্যামেরায় ধরা পড়েছে। এই প্রদর্শনীর মধ্য দিয়ে তাঁর দীর্ঘদিনের শৈল্পিক যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক চিহ্নিত হল।

উদ্বোধন পর্ব শেষে অনুষ্ঠিত হয় একটি ঘরোয়া আলোচনা সভা, যার শিরোনাম ছিল ‘নীলের উপস্থিতি ও উপলব্ধি।’ এই প্যানেল আলোচনা অনুষ্ঠানটিকে আরও সমৃদ্ধ করে তোলে।

আলোচনাচক্রে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য ব্যক্তিত্বরা। সমালোচক শমীক বন্দ্যোপাধ্যায়, আইএএস অত্রি ভট্টাচার্য, শিল্পী চন্দ্র ভট্টাচার্য, রাজু রমন, ভারতীয় অভিনেতা ও লেখক বরুণ চন্দ, সুদীপ্ত ঠাকুর এবং ভারতীয় চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন। প্রত্যেকেই নিজ নিজ দৃষ্টিকোণ থেকে নীল রঙের ভাবগত ও আবেগমূলক দিকগুলি বিশ্লেষণ করেন। কীভাবে নীল মানুষের সৃজনশীলতা, মন ও নিউরো-সাইকোলজিক্যাল প্রেক্ষাপটে জায়গা করে নেয়, সেই প্রসঙ্গে তাঁরা মূল্যবান মতামত দেন।

এই অনুষ্ঠানে দর্শকের ভূমিকা ছিল অত্যন্ত সক্রিয়। উপস্থিত ছিলেন টলিউডের একঝাঁক তারকা ও কলাকুশলী। অভিনেতা আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী ইশা সাহা, অমৃতা চট্টোপাধ্যায়, চিত্রগ্রাহক প্রেমেন্দু চাকি, অভিনেতা অরিন্দম শীল, চলচ্চিত্র সম্পাদক অর্ঘ্য কমল মিত্র সহ বহু বিশিষ্টজন। তাঁদের মধ্যে ছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য ও লগ্নজিতা। তাঁরা শুধু প্রদর্শনীর থিম নিয়েই নয়, কৌশিক ঘোষের কাজ নিয়েও নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন।
উদ্বোধনী ভাষণে ড. কৌশিক ঘোষ তাঁর নতুন কাজ প্রসঙ্গে বলেন, ব্লুজের মাধ্যমে আমি এমন একটি রঙের গভীরতা এবং বহুবিধ মেজাজ ফুটিয়ে তুলতে চেয়েছি, যা একই সঙ্গে শান্ত ও গভীর। নীল কেবল একটি চাক্ষুষ অভিজ্ঞতা নয়। এটি আবেগ, স্মৃতি ও চিন্তার জন্ম দেয়। এই প্রদর্শনী ও বইটি শিল্প, জীবন এবং মানুষের মনস্তত্ত্বে নীলের উপস্থিতি খুঁজে বের করার আমার একটি প্রচেষ্টা।’

শিল্প, সাহিত্য, সঙ্গীত ও চলচ্চিত্রের জগতের বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে এই সন্ধ্যা এক প্রাণবন্ত সৃজনশীল মিলনক্ষেত্রে পরিণত হয়। ড. কৌশিক ঘোষের এই প্রদর্শনী ও গ্রন্থ প্রকাশ আবারও প্রমাণ করল যে আলোকচিত্রের মাধ্যমে গল্প বলা এবং গভীর বিষয়বস্তুর অনুসন্ধান তাঁর শিল্পযাত্রার এক অবিচ্ছেদ্য অংশ।

রিপোর্ট: অয়ন চ্যাটার্জি

(Feed Source: zeenews.com)