জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জল্পনা চলছিলই। মহারাষ্ট্রে এবার জোট বাঁধলেন উদ্ধব ঠাকরে ও রাজ ঠাকরে। মুম্বই পুরসভার নির্বাচনে একসঙ্গে লড়বে উদ্ধবের শিবসেনা আর রাজের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। আনুষ্ঠানিকভাবে জোট ঘোষণা করে দিলেন ঠাকরে পরিবারের দুই ভাই। তবে কোন দল কতগুলি আসনে লডবে, তা অবশ্য জানানো হয়নি।
জনসংখ্য়া বিচারে মুম্বাই পুরসভার দেশের মধ্যে বৃহত্তম। সেই পুরসভায় ভোট আগামী ১৫ জানুয়ারি। সঙ্গে মহারাষ্ট্রের আরও ২৭ পুরসভায়। এদিন যৌথ সাংবাদিক সম্মেলনে রাজ ঠাকরে বলেন, ‘মহারাষ্ট্র দীর্ঘকাল ধরে এই দিনটির অপেক্ষায় ছিল। আমি আজ ঘোষণা করছি যে শিবসেনা এবং এমএনএস ঐক্যবদ্ধ’। জানান, ‘এই জোট সর্বদা মহারাষ্ট্রের স্বার্থকেই সবকিছুর উর্ধ্বে রাখবে। মুম্বইয়ের মেয়র হবে এক মারাঠি’।
উদ্ধব বলেন, ‘মারাঠি মানুষ সাধারণত অন্যদের বিরক্ত করে না, কিন্তু কেউ যদি তাদের পথে বাধা হয়ে দাঁড়ায়, তবে তাকে ছেড়ে দেওয়া হয় না’। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনের সময় ভারতীয় জনতা পার্টি নেতিবাচক প্রচার চালিয়েছিল। ‘বটগে তো কাটগে’ (বিভক্ত হলে শেষ হয়ে যাবে) স্লোগান দিয়ে মারাঠি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হয়েছিল’। তাঁর কথায়, ‘এবার যদি ভুল হয়, তবে তার পরিণতি হবে ভয়াবহ। আবার যদি বিভাজন ঘটে, তবে আমরা শেষ হয়ে যাব। তাই মারাঠি মানুষের ভাঙা উচিত নয়, বিভক্ত হওয়া উচিত নয়’।
এদিকে জোট ঘোষণা তো হয়ে গেল। কিন্তু মুম্বই পুরসভার ভোটে শিবসেনা ও মহারাষ্ট্র নবনির্মাণ সেনার মধ্যে আসন বণ্টন নিয়ে ধোঁয়াশা কাটল না। বরং খবর পাওয়া গিয়েছিল যে, মুম্বইয়ের দাদর, মাহিম, বোরিভালি, ভিক্রোলি, ভান্দুপ এবং সেউড়ি এলাকায় আসন বন্টন নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। এদিন
উদ্ধব জানান, ‘এনসিপি (শারদ পাওয়ার গোষ্ঠী)-র সাথেও আলোচনা চলছে”।
চলতি বছরের জুলাই মাসে দীর্ঘ রাজনৈতিক শক্রতা সরিয়ে রেখে একত্রিত হন উদ্ধব ও রাজ। ‘মারাঠি অস্মিতা’র আদর্শে জোট বাঁধার সিদ্ধান্ত নেন তাঁরা। হিন্দু চাপিয়ে দেওয়ার অভিযোগেও সরব হন বাল ঠাকরের ছেলে ও ভাইপো। মহারাষ্ট্রে ক্লাস ওয়ান থেকে থ্রি পর্যন্ত তৃতীয় ভাষা হিসেবে হিন্দি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। জুলাই মাসে মুম্বাইয়ের ওরলিতে এক জনসভায় সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন রাজ ও উদ্ধব। পরে যখন সরকার সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়, তখন উদযাপনের মঞ্চেও দেখা গিয়েছিল তাঁদের।
শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের ভাইপো রাজ। সম্পর্কে উদ্ধব ঠাকরের খুড়তুতো ভাই। ২০০৬ সালে শিবসেনা ছেড়ে নিজের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তৈরি করে রাজ। তারপর থেকে দুই ভাইয়ের মধ্যে রাজনৈতিক বিরোধের সূত্রপাত।
(Feed Source: zeenews.com)
