‘ধর্মের নামে এই কাজ থেকে বিরত থাকা উচিত’,বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের নিন্দা শিয়া বডির

‘ধর্মের নামে এই কাজ থেকে বিরত থাকা উচিত’,বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের নিন্দা শিয়া বডির
লখনৌ : বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের শেষ নেই। দীপুচন্দ্র দাসের হত্যার আঁচ পড়েছে ভারতেও। এই ঘটনার প্রতিবাদে বাংলা-সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ-বিক্ষোভ চলছেই। এবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের নিন্দা জানাল অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড। তাদের বক্তব্য, ইসলামে নিরীহ মানুষের হত্যা নিষিদ্ধ এবং যারা ধর্মের নামে এই কাজ করে, তাদের বিরত থাকা উচিত। লখনৌয়ের বারা ইমামবারায় অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ডের বাৎসরিক সম্মেলনে এই মন্তব্য করা হয়। ভারতের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বাংলাদেশ ও নেপালের উলেমা ও মুসলিম বুদ্ধিজীবীরা এতে শামিল হন। মিটিংয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের তীব্র নিন্দা জানানো হয়। সংবাদ সংস্থা PTI-কে একথা জানান AISPLB-র সাধারণ সম্পাদক মৌলানা ইয়াসুব আব্বাস।

বাংলাদেশে নৈরাজ্য চলছেই। ময়মনসিংহের ভালুকায় দীপুচাঁদ দাসকে পিটিয়ে খুন করে, গাছে ঝুলিয়ে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনার প্রতিবাদে একদিকে যখন পশ্চিমবঙ্গে বিক্ষোভ-মিছিল চলছে, ঢাকাতেও প্রতিবাদে সরব হয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। গত শুক্রবার ঢাকার শহিদ মিনার চত্বর থেকে মশাল মিছিল করে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট। এদিন ময়মনসিংহে নিহত দীপু দাসের বাড়িতে যান বাংলাদেশ ন্যাশনাল হিন্দু মহাজোটের সদস্যরা।

সোশাল মিডিয়ায় ধর্মীয় মন্তব্যের অভিযোগ তুলে পিটিয়ে খুন করা হয়েছিল হিন্দু যুবককে। সূত্রের খবর, তদন্তকারীরা এখনও পর্যন্ত এই অভিযোগের সমর্থনে কোনও প্রমাণ পাননি। এরই মধ্যে সামনে এসেছে দুষ্কৃতীদের নৃশংসতার আরও এক হাড় হিম করা নজির ! রাজবাড়ি এলাকায় ফের এক হিন্দু যুবককে পিটিয়ে খুন করে দুষ্কৃতীরা।

যদিও বাংলাদেশ পুলিশ সূত্রে দাবি, হোসেনডাঙা পুরাতন বাজার এলাকায় এক ব্যক্তির থেকে তোলা দাবি করেন অমৃত মণ্ডল ওরফে সম্রাট। অভিযোগ, রাজি না হওয়ায় দলবল নিয়ে গিয়ে তাঁর বাড়িতে চড়াও হন। সেইসময়ই আশেপাশের লোকজন ছুটে আসে। সম্রাটকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্য়ু হয়।

সম্প্রতি ফের একবার বাংলাদেশে ভারত বিরোধী জিগির ওঠায়, চলতি সপ্তাহে ইতিমধ্যেই দুবার বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেছিল দিল্লি। এবার একের পর এক হিন্দু হত্যার ঘটনায় কড়া বার্তা দিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা সাম্প্রতিককালে ময়মনসিংহে হিন্দু যুবকের নৃশংস খুনের নিন্দা করছি। আমরা আশা করব, এই অপরাধে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে খুন, জমি দখল-সহ সংখ্যালঘুদের ওপর ২৯০০-র বেশি হিংসার ঘটনা স্বাধীন সূত্র মারফত নথিভুক্ত হয়েছে। এই ঘটনাগুলিকে শুধুমাত্র সংবাদমাধ্যমের প্রচার বা রাজনৈতিক হিংসা বলে উড়িয়ে দেওয়া যাবে না।”

(Feed Source: abplive.com)