পুতিনের বাসভবন টার্গেট করে ইউক্রেন থেকে ৯১টি ড্রোন ? ট্রাম্প বললেন, ‘এটা ভাল হল না’

পুতিনের বাসভবন টার্গেট করে ইউক্রেন থেকে ৯১টি ড্রোন ? ট্রাম্প বললেন, ‘এটা ভাল হল না’
ইউক্রেন থেকে পাঠানো একঝাঁক ড্রোনের টার্গেট ছিল তাঁর একটি বাসভবন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাকি সোমবার একথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কিভ। ফ্লোরিডায় মার-এ-লাগো রিসর্টে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, ফোনে কথোপকথনের সময় সংশ্লিষ্ট বিষয়টি তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। ট্রাম্পের কথায়, “আপনারা জানেন আমাকে এটা কে বলেছেন ? প্রেসিডেন্ট পুতিন। সকালের দিকে। উনি বলেছেন, ওঁকে আক্রমণ করা হয়েছে। এটা ভাল হল না। আমি খুব রেগে আছি।”। ট্রাম্প আরও বলেন, “ওরা আপত্তিকর বলে আক্রমণাত্মক হওয়া এক জিনিস। ওঁর বাড়িতে আক্রমণ করা আরেক জিনিস। এটা এমন কিছু করার সঠিক সময় নয়।” Donald Trump

কী অভিযোগ রাশিয়ার ? ইউক্রেনই বা কী বলছে ?

ট্রাম্পের এই মন্তব্যের আগে রাশিয়ার বিদেশমন্ত্রী সার্জেই লাভরভ অভিযোগ করেছেন, মস্কোর পশ্চিমে নভগোরোড এলাকায় পুতিনের বাসভবনে হামলার চেষ্টা চালিয়েছে ইউক্রেন। ২৮ ও ২৯ ডিসেম্বরের মধ্যে একঝাঁক ড্রোন উড়ে আসে। তিনি বলেন, ওই হামলার সময় ৯১টি ড্রোন পাঠানো হয়েছে। যদিও রাশিয়ার এয়ার ডিফেন্স সেগুলি গুঁড়িয়ে দেয়। ইউক্রেন অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। সাংবাদিকদের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “রাশিয়ান ফেডারেশন থেকে আরও একদফা মিথ্যা।”

গত তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। দফায় দফায় আলোচনাতেও সমঝোতা হয়নি আজ পর্যন্ত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিষয়টিতে হস্তক্ষেপ করেন। কিন্তু এখনও পর্যন্ত যুদ্ধবিরতি হয়নি। বরং প্রায়ই দুই তরফে আগ্রাসনের খবর উঠে আসছে। এই পরিস্থিতিতে গত রবিবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফ্লোরিডায় বৈঠকে বসেন ট্রাম্প। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শেষ করার জন্য তাঁরা খুব কাছাকাছি পৌঁছে গেছেন বলে দাবি করেন আমেরিকার প্রেসিডেন্ট। যদিও কাঁটাযুক্ত এলাকা নিয়ে সমস্যা রয়েই গেছে। এই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। সেই আলোচনা গঠনমূলক হয়েছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, “এটি খুবই ফলপ্রসূ আলোচনা ছিল। আমি বলতে চাইছি, আমাদের বেশ কিছু জটিল সমস্যা রয়েছে, যেমনটা আপনারা কল্পনা করতে পারেন।” সেই সমস্যাগুলির সমাধান করা গেলে উন্নতি সম্ভব বলে দাবি করেন ট্রাম্প।

(Feed Source: abplive.com)