
একটি খুন, যার প্রমাণ নেই। একপ্রকার মুক্তি, যা মুক্তি নয়। আর একটি ট্রমা, যা প্রজন্মের পর প্রজন্মে ছড়িয়ে পড়ে নতুন খুনি তৈরি করে—এই অন্ধকার বাস্তবতার মধ্যেই হাঁটে কাটাকুটি ২। Klikk OTT প্ল্যাটফর্মের আগামী ওয়েব সিরিজ কাটাকুটি ২-এর শুটিং চলছে জোরদার। তার ফাঁকেই এক ঝলক গল্পের আঁচ। মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এই নতুন পর্বে আরও গভীর, আরও অন্ধকার এক কাহিনির ইঙ্গিত মিলেছে। এই সিরিজের পরিচালনায় রয়েছেন রাজা চন্দ। প্রযোজনায় Raja Chanda Films। কাহিনী লিখেছেন রম্বাস, চিত্রনাট্য ও সংলাপে রুদ্রদীপ চন্দ এবং চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন অনির।
গল্পের কেন্দ্রে রয়েছে সমীর মন্ডলের জীবনসংগ্রাম। এক ছাত্রী নন্দিনী গুপ্তকে খুনের অভিযোগে সাত বছর জেল খাটার পর সাক্ষ্যপ্রমাণের অভাবে মুক্তি পেলেও সমাজ এবং পরিবার তাঁকে গ্রহণ করতে চায় না। ইতিমধ্যেই সমীরের স্ত্রী সুষমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরই বন্ধু অশোক, আর সমীরের মেয়ে তুলি অশোককেই নিজের বাবা বলে জেনে এসেছে।
এই পরিস্থিতিতে সাংবাদিক রাকা ও তাঁর সহকর্মী টিনটিন সমীরের নির্দোষিতায় বিশ্বাস রেখে সমান্তরাল তদন্ত শুরু করেন। তদন্তের সূত্রে তাঁরা সুন্দরবনের হাজিডিঙ্গা গ্রামে এক কিশোরী বিন্তির পুরনো খুনের মামলার সন্ধান পান। বিন্তি ও নন্দিনী—দু’জনেই বাঁ-হাতি শিল্পী ছিলেন এবং পায়ে রুপোর মল পরতেন, যা দুই খুনের মধ্যে অদ্ভুত মিল তৈরি করে।

তদন্ত এগোতে থাকলে উঠে আসে ধ্রুবজ্যোতি মিত্র ওরফে রঙিন-এর নাম। পেশায় আর্ট টিচার ধ্রুবের শৈশব কেটেছে বুল্টি নামের এক নারীর হাতে চরম নির্যাতনের মধ্যে। সেই গভীর ট্রমা থেকেই সে তরুণী শিল্পীদের টার্গেট করতে শুরু করে, যাদের মধ্যে সে নিজের অতীতের নির্যাতকের ছায়া দেখতে পায়।

গল্পের চূড়ান্ত মুহূর্তে একটি নির্মীয়মাণ বহুতলে ধ্রুব সমীরের মেয়ে তুলিকে পরবর্তী শিকার হিসেবে ফাঁদে ফেলে। শেষ মুহূর্তে সেখানে পৌঁছে সমীর মেয়েকে বাঁচালেও ধ্রুবকে থামাতে গিয়ে নিজেকে উৎসর্গ করেন। ধ্রুবকে জড়িয়ে ধরে বহুতল থেকে ঝাঁপ দিয়ে সমীর মৃত্যুবরণ করেন, তবে মেয়ের চোখে তিনি নির্দোষ প্রমাণিত হন। গল্পের শেষে আরও এক ভয়াবহ মোড়—অন্য কোথাও সেই বুল্টিকেই এক শিশুর ওপর নির্যাতন চালাতে দেখা যায়, যা ইঙ্গিত দেয় ট্রমার এই চক্র এখনও শেষ হয়নি।

এই সিরিজে অভিনয় করেছেন সুব্রত দত্ত, অমৃতা চট্টোপাধ্যায়, শাওন চক্রবর্তী, শুভ্রজিত দত্ত, শ্রীজা ভট্টাচার্য, পূষান দাশগুপ্ত, রানা বসু ঠাকুর, জয়তী চক্রবর্তী, অর্পিতা সরকার, আলকারিয়া হাশমী ও অলকানন্দা রায়। কাটাকুটি ২ ইতিমধ্যেই তার বিষয়বস্তু ও প্রথম ঝলকে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

বুধবার, বছরের শেষ দিনে শুটিং ফ্লোর লোকে লোকারণ্য। চলল কেক কাটা। উদযাপন। তার মধ্যেই এক ফাঁকে ধরা দিলেন অভিনেতা রানা বসু ঠাকুর। বললেন, “আমার চরিত্রটি এতটাই ঘৃণ্য যে অভিনয় করার সময়ে নিজেই শিউরে উঠেছি।” কিছু দিন আগে ‘অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ ছবিতেও এক দৃশ্যে অত্যন্ত বাস্তোবচিত অভিনয়ে নজর কেড়েছিলেন প্রযোজক ও অভিনেতা রাণা।
(Feed Source: news18.com)
