
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গড়ে প্রায় প্রতিদিন ১টি করে মৃত্যুদণ্ড! ২০২৫ সালে সৌদি আরবে ৩৫৬ জনকে মৃত্যুদণ্ড (356 executions in 2025) দেওয়া হয়েছে। এর মাধ্যমে এক বছরে মৃত্যুদণ্ডের নতুন রেকর্ড তৈরি করল সৌদি (Saudi Arabia)। সংশ্লিষ্ট বিশ্লেষকেরা বলেছেন, সাম্প্রতিক বছরগুলিতে চালু হওয়া মাদকবিরোধী যুদ্ধের সঙ্গে মৃত্যুদণ্ডের সম্পর্ক রয়েছে। মাদকবিরোধী অভিযানে (drug crackdown) অনেককে গ্রেফতার করা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ড
সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে শুধু মাদকসংক্রান্ত মামলাতেই ২৪৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এ নিয়ে টানা দুবছর মৃত্যুদণ্ড কার্যকরে নতুন রেকর্ড করল সৌদি আরব। ২০২৪ সালে সে দেশে ৩৩৮ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ২০২২ সালের শেষের দিকে মাদকসংক্রান্ত মামলায় মৃত্যুদণ্ড কার্যকরের বিধান পুনর্বহাল করে সৌদি আরব। এর আগে প্রায় তিন বছর ধরে নাশকতামূলক মামলায় মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ছিল।
মাদকবিরোধী অভিযান
মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে সৌদিতে হাইওয়ে ও সীমান্তে পুলিসি উপস্থিতি বাড়ানো হয়েছে। সেখান থেকে মাদকের লাখ লাখ ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে বহু পাচারকারীকে।
আরবের ইমেজে টোল?
আরব দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ড কার্যকরের কারণে সমালোচিত হয়ে এসেছে। মানবাধিকার সংস্থাগুলি এই পদক্ষপকে বাড়াবাড়ি হিসেবে উল্লেখ করেছে। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববাসীর সামনে সৌদি আরবকে আধুনিক দেশ হিসেবে উপস্থাপনের চেষ্টার পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছিল। এবং এর তীব্র নিন্দা জানিয়েছে তারা। মানবাধিকারকর্মীরা বলেছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভিশন-২০৩০ সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন। মৃত্যুদণ্ড কার্যকরের এই নীতি তাঁর সেই কর্মসূচিকেই কি পিছিয়ে দিচ্ছে না?
(Feed Source: zeenews.com)
