জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা ভাঙ্গা বা নস্ট্রাদামুসের পূর্বাভাস নিয়ে গোটা বিশ্বই চমকিত থাকে। এঁদের পুরনো ভবিষ্যদ্বাণীগুলি বারবার বিশ্বজুড়ে যুদ্ধের (World War) দামামার কথা বলেছে। সে কথা কিন্তু সত্য হচ্ছে প্রতিদিনই। কেননা, বিশ্বজুড়ে যুদ্ধের মধ্যেই ফের ভেনেজুয়েলা আক্রমণ আমেরিকার (us attack Venezuela)। শনির ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বোমাবর্ষণের শব্দ শোনা গেল। শোনা গেল বিমান চলাচলের শব্দও। অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বহু এলাকাই ঢেকে যায় অন্ধকারে।
শনির রাতে শনি
স্থানীয় হিসেবে শনিবারে মাঝরাতে ভেনেজুয়েলার কারাকাসের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। একই সঙ্গে ওই অঞ্চলে অত্যন্ত নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ে যাওয়ার খবরও পাওয়া গিয়েছে। গভীর রাতে পরপর সাতবার বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।
আতঙ্ক
জানা গিয়েছে, এই বিস্ফোরণের পরেই শহরের বিভিন্ন প্রান্তে থাকা মানুষজন ছুটে বাড়ি থেকে বেরিয়ে আসেন। অনেককে দেখা যায় রাস্তার উপরে দাঁড়িয়ে জটলা করতে, কী ঘটেছে বুঝতে চেষ্টা করে অনেকেই আবার আকাশের দিকে তাকিয়ে থাকেন। কীসের বিস্ফোরণ? কেন বিস্ফোরণ? না, বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশাই রয়েছে।
আক্রমণের প্রেক্ষাপট
ভেনেজুয়ালা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে টেনশন অবশ্য নতুন নয়। কূটনৈতিক স্তরে এই দুটি দেশের সম্পর্ক যথেষ্ট তিক্ত। ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন নৌসেনা পাঠানোর কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভেনেজুয়েলায় হামলা হতে পারে বলে আগেই মনে করেছিলেন কূটনীতি বিশেষজ্ঞরা। মার্কিন আধিকারিকদের পক্ষ থেকে অবশ্য সাফাই দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভেনেজুয়েলার কারাকাস অঞ্চলে ড্রাগ পাচার হওয়ার জন্য মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। যদিও এই মার্কিনি অভিযান কারাকাসের বিস্ফোরণের সঙ্গে যুক্ত কি না, তা এখনও স্পষ্ট নয়। হতে পারে ওই বিস্ফোরণের প্রেক্ষাপট আলাদা। সময়ই বলবে, কী ঘটেছে।
(Feed Source: zeenews.com)
