হনুমানের মৃত্যুতে শোকের ছায়া, কাছা পরিধান গ্রামবাসীর, শাস্ত্র মেনে হবে শ্রাদ্ধানুষ্ঠান

হনুমানের মৃত্যুতে শোকের ছায়া, কাছা পরিধান গ্রামবাসীর, শাস্ত্র মেনে হবে শ্রাদ্ধানুষ্ঠান
শান্তনু নস্কর, ক্যানিং: হনুমানের মৃত্যুতে (Monkey Death) শোকস্তব্ধ গ্রাম, নিয়ম মেনে শেষ কৃত্য করলেন শোকার্ত গ্রামবাসীরা!

এমনই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের (Canning) নিকারিঘাটা গ্রামে । আচমকাই এক হনুমানের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায় । আর সেই প্রাণীর মৃত্যুকে ঘিরে শোকে ভেঙে পড়ল গোটা গ্রামের মানুষ ।

শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের কড়াকাটি গ্রামের ঘটনা । গোটা গ্রামের মানুষ একত্রিত হয়ে হনুমানটির শেষ কৃত্য সম্পন্ন করেন । এমন ভাবেই সেই কাজ করা হয়, যেন নিজের পরিবারের কেউ ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি দিয়েছেন ।

হনুমানের এই মৃত্যুকে কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া । শুক্রবার সকালে স্থানীয় মানুষজন দেখতে পান একটি গাছের ডালে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে একটি হনুমান । মাঝে মধ্যেই হনুমানটি এই গ্রামে আসত । গ্রামের মানুষ তাকে ভালবেসে খাবার দাবারও দিত । এই গ্রামের মানুষের আদর আপ্যায়নে খুশি হয়ে মাঝে মধ্যেই এখানে চলে আসতো প্রাণীটি ।

শুক্রবার আচমকাই তাকে গাছের ডালে নিস্তেজ হয়ে ঝুলে থাকতে দেখে অবাক হন গ্রামের মানুষজন । এরপর গ্রামবাসীরা ওই হনুমানটিকে গাছ থেকে নামিয়ে আনেন । গাছতলায় রেখে ডাকাডাকি করেন । খাওয়ানোর চেষ্টা করেন, কিন্তু কোনও সাড়া মেলে না । তাঁরা বুঝতে পারেন মৃত্যু হয়েছে প্রাণীটির । এরপর গ্রামবাসীরা একত্রিত হয়ে ওই হনুমানটিকে স্থানীয় একটি শ্মশানে নিয়ে গিয়ে হিন্দু শাস্ত্র মতে ব্রাহ্মণ ডেকে তার শেষকৃত্য সম্পন্ন করেন । তবে দেহ দাহ না করে সমাধিস্থ করা হয় রীতিমতো খোল, করতাল বাজিয়ে ও কৃষ্ণ নাম করতে করতে । প্রিয়জন মারা গেলে যেমন পরিবারের সদস্যরা শোক পালন করেন, কাছা পরিধান করেন, তেমনি এই হনুমানের মৃত্যুতে গ্রামের সকলেই শোক পালন করেন । কাছা নেন গ্রামের বাসিন্দা মদন নস্কর । তিনদিন শাস্ত্র মতে সব নিয়ম পালন করবেন বলে জানিয়েছেন মদন, এমনকী তিনদিন পর হনুমানের শ্রাদ্ধানুষ্ঠান করবেন বলেও জানান তিনি । ব্রাহ্মণ ডেকে কথাও বলে রেখেছেন ।

    (Feed Source: abplive.com)