
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর জুলাইয়ের শেষ দিকে ইস্টবেঙ্গল (East Bengal) সই করিয়েছিল মরক্কো জাতীয় দলের ফরোয়ার্ড হামিদ আহাদাদকে (Hamid Ahadad)। ২০২৫-২৬ মরসুমের জন্য চুক্তি হয়েছিল। তবে মেয়াদের মাঝপথেই হামিদকে ছেড়ে দিল লাল-হলুদ। সোম সন্ধ্যায় ক্লাবের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ৫ ফুট ১০ ইঞ্চির ৩১ বছর বয়সী ফুটবলারের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতায় সম্পর্ক আপাতত শেষ হল।
ইস্টবেঙ্গলের বিবৃতি
‘ইস্টবেঙ্গল পারস্পরিক সম্মতিতে হামিদ আহাদাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। হামিদ এই সময়ে তাঁর পরিবারের সঙ্গে থাকতে চেয়েছেন বলেই এই সিদ্ধান্ত নেওয়া। ক্লাব হিসেবে আমরা মাঠের বাইরেও আমাদের খেলোয়াড়দের ভালো থাকাকে মূল্য দিই, তাই আমরা তাঁর ইচ্ছাকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে হামিদের একজন উপযুক্ত বিকল্প খোঁজার কাজ শুরু করে দেওয়া হয়েছে।‘
নজর কাড়েননি হামিদ
ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি ছিলেন ১৭ নম্বর জার্সিধারী হামিদ। আফ্রিকান লিগে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা ছিল তাঁর ঝুলিতে। তবে লাল-হলুদ জার্সিতে গোল করলেও সেভাবে নজর কাড়তে পারেননি তিনি। এখন দেখার ইস্টবেঙ্গল হামিদের পরিবর্তে কাকে দলে নেয়। ওদিকে আইএসএল নিয়ে জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছে। গত শনিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশন জানিয়ে দিয়েছে, এক সপ্তাহের ভিতর প্রতিযোগিতা শুরুর দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে। ইস্টবেঙ্গল নিশ্চয়ই তার আগেই হামিদের পরিবর্ত খুঁজে নেবে বলেই আশা করা যায়।
(Feed Source: zeenews.com)
