)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের মৃত্যু বাংলাদেশে (Death in Bangladesh)! বছরপঁচিশের এক হিন্দু যুবক মারা গিয়েছেন (25-year-old Hindu man died in Bangladesh) বলে খবর। উন্মত্ত জনতার তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে একটি খালে ঝাঁপ দিয়ে মারা যায় সে। পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযোগ ছিল, ওই যুবক নাকি চোর! ঘটনাটি ঘটেছে বাংলাদেশের নওগাঁওয়ের মহাদেবপুর (Mahadebpur area of Naogaon district)। পুলিসসূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মিঠুন সরকার।
আরও মৃত্যু
বাংলাদেশে মৃত্যু আরও এক হিন্দু সংখ্যালঘু যুবকের। চোর সন্দেহে ধাওয়া করা একদল উন্মত্ত ক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচতে খালে ঝাঁপ দেন ওই যুবক। আর ওই জলে ডুবেই তাঁর মৃত্যু হয়। ২৫ বছরের ওই যুবকের নাম মিঠুন সরকার। তিনি ভান্ডারপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি নওগাঁ জেলার মহাদেবপুর এলাকায় ঘটেছে। বাংলাদেশ পুলিস মঙ্গলবার বিকেলে খাল থেকে মিঠুনের দেহ উদ্ধার করে।
সত্যিই চোর?
দুপুরের দিকে হাটচকগৌরি বাজার থেকে চোর সন্দেহে কিছু যুবক মিঠুনকে ধাওয়া করে। এসময় মিঠুন প্রাণে বাঁচতে কোনও রকমে দৌড়ে হাটচকগৌরি বাজারের পাশের খালেই ঝাঁপ দেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে রাজশাহীর ডুবুরির দল ঘটনাস্থল গিয়ে তাঁর দেহ উদ্ধার করে। মিঠুন সত্যিই কোনও চুরির ঘটনায় জড়িত ছিলেন কি না, সে বিষয়ে অবশ্য সরকারি তরফে কিছু জানানো হয়নি। দেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তিনি চোর কি না এ বিষয়ে এখনও পুলিস নিশ্চিত নয় বলেই জানা গিয়েছে।
সংখ্যালঘু-হত্যা?
কয়েকদিন ধরেই বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘটে যাওয়া ধারাবাহিক হিংসা ঘটনার মধ্যে মিঠুনের মৃত্যু নতুন করে বিতর্ক তৈরি করেছে। সোমবার যশোরে এক হিন্দু ব্যবসায়ী ও একটি খবরের কাগজের ভারপ্রাপ্ত সম্পাদককে মাথায় গুলি করে হত্যা করে অজ্ঞাত হামলাকারীরা। একই দিনে নরসিংদী শহরে ৪০ বছরের এক হিন্দু মুদিকে ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়। এর আগে শরিয়তপুর জেলার কেউরভাঙা বাজারের কাছে পিটিয়ে মারা হয় খোকন দাসকে। ডিসেম্বর মাসেও এ সংক্রান্ত বেশ কয়েকটি নৃশংস ঘটনা ঘটে। ২৪ ডিসেম্বর রাজবাড়ি শহরে তোলাবাজির অভিযোগে অমৃত মণ্ডলকে পিটিয়ে হত্যা করা হয়। ১৮ ডিসেম্বর ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে ২৫ বছরের দীপু দাসকে একদল জনতা পিটিয়ে মারে এবং তাঁর গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। এহেন মৃত্যু-উপত্যকা উত্তাল বাংলাদেশে মিঠুনের মৃ্ত্যু কি আগুনে ঘি ঢালল? মূলত ওসমান হাদির মৃত্যুর পরেই বাংলাদেশে এই পরিস্থিতি তৈরি হয়।
(Feed Source: zeenews.com)
