
কলকাতা: দীর্ঘদিন থেকেই বলিউডে গুঞ্জন, প্রেমে পড়েছেন শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)! লেখক রাহুল মোদীর সঙ্গে নাকি গোপনে সম্পর্ক এগোচ্ছে তাঁর! আর এবার, বিয়ে নিয়ে স্পষ্ট কথা বললেন শ্রদ্ধা। সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী শ্রদ্ধাকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি কি বিয়ে করবেন? এবার, সেই অনুরাগীর কথার উত্তরেই স্পষ্ট উত্তর দিলেন শ্রদ্ধা, যা এখন শিরোনামে। বিয়ে নিয়ে কী বলছেন তিনি? অবশেষে রাহুল মোদীর সঙ্গে সম্পর্কের কথা কী স্বীকার করে নিলেন শ্রদ্ধা?
২০২৪ থেকেই শ্রদ্ধা আর রাহুলের সম্পর্কের গুঞ্জন প্রকাশ্যে আসে। তাঁরা অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে গিয়েছিলেন। এরপরে বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে কখনও খোলাখুলি আলোচনা করেননি তাঁরা। তবে এবার, সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী শ্রদ্ধাকে জিজ্ঞাসা করেন, তিনি কবে বিবাহ করবেন? এর উত্তরে শ্রদ্ধা লেখেন, ‘কি বিবাহ? হ্যাঁ আমি অবশ্যই করব।’ শ্রদ্ধার এই উত্তরের পর থেকেই শুরু হয়েছে গুঞ্জন। তাহলে কি সত্যিই চলতি বছরেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শ্রদ্ধা? সেই কথা অবশ্য অভিনেত্রী জানাননি। নিজের সম্পর্ক নিয়েও মুখ খোলেননি তিনি।
পারিশ্রমিক চর্চায় শ্রদ্ধা
শ্রদ্ধা কপূর আলিয়া ভাটের চাইতেও বেশি পারিশ্রমিক নেন? সূত্রের খবর, ছবি পিছু আলিয়া ১০ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক পান। শক্তি কপূরের কথার সূত্র ধরেই অনুমান করা যায়, শ্রদ্ধা ছবি পিছু এখন ১৫ কোটি টাকার বেশি পারিশ্রমিক চাইছেন। যদি ব্যাক ক্যালকুলেশন করা যায়, তাহলেই বোঝা যাবে শক্তি কপূর ভুল কোনও মন্তব্য করেননি। কারণ, সেপ্টেম্বরেই শোনা গিয়েছিল একতা কপূরের প্রযোজনা সংস্থা বালাজি মোশন পিকচার্সের একটি লোভনীয় ছবির প্রস্তাব ছেড়ে দিয়ে বেরিয়ে গিয়েছেন তিনি। একতা কপূরের সঙ্গে তাঁর দ্বন্দ্ব বেধেছিল পারিশ্রমিকের অঙ্ক নিয়েই। শ্রদ্ধা একতার কাছে ১৭ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন বলে খবর সূত্রের। এর পাশাপাশি তিনি চুক্তির শর্তাবলীর মধ্যে লাভের অঙ্ক থেকে শেয়ারিং ও রাখতে চেয়েছিলেন। কিন্তু শ্রদ্ধার দাবি একতা মেনে নেননি। আর শ্রদ্ধাও ছবিটি ছেড়ে দিয়ে বেরিয়ে যান।
তবে ভুললে চলবে না, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে শ্রদ্ধাই একমাত্র অভিনেত্রী, যিনি ছবির ব্যবসার অঙ্কে প্রথম সারির হিরোদের টক্কর দিয়েছেন। ম্যাডক ফিল্মসের স্ত্রী ফ্র্যাঞ্চাইজি শ্রদ্ধা কপূরকে নিয়েই তৈরি হয়েছে। ১০৫ কোটি টাকার লগ্নীতে শ্রদ্ধার ‘স্ত্রী পার্ট টু’ গত বছর ৮৭৫ কোটি টাকার ব্যবসা করেছিল। এমন সাফল্যের উদাহরণ আর কোনও অভিনেত্রীর নেই। ‘স্ত্রী’ ফ্র্যাঞ্চাইজির সাফল্যের সূত্রেই নিজের পারিশ্রমিকের অঙ্ক বাড়িয়ে আলিয়া, অনন্যাদের টপকে গিয়েছেন শ্রদ্ধা। তাঁর স্ত্রী পার্ট থ্রিয়ের চিত্রনাট্যও পাকা হয়ে গিয়েছে। এখন শুধু ছবিটি ফ্লোরে যাওয়ার অপেক্ষা। ২০২৭-এ ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ম্য়াডক ফিল্মস ‘স্ত্রী’ পার্ট থ্রি-কে ঘিরে বিরাট পরিকল্পনা করেই এগোচ্ছে। এতদিন ছবিটিতে শ্রদ্ধার চরিত্রটিকে যে রহস্যের মোড়কে মুড়ে রাখা হয়েছে, সেই রহস্যের উপরে আলো ফেলবে অনীত পাড্ডার ‘শক্তি শালিনী’-র কাহিনি। ‘শক্তি শালিনী’ রিলিজের পর দর্শকদের সামনে আসবে ‘স্ত্রী পার্ট থ্রি’। যদি স্ত্রী পার্ট থ্রিয়ের ব্যবসার অঙ্ক পার্ট টুকে ছাপিয়ে যায়, তাহলে শ্রদ্ধা তাঁর পারিশ্রমিক যে আরও বাড়াবেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। এখন বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্য শ্রদ্ধা প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর সূত্রের।
(Feed Source: abplive.com)
