
Viral News: ভয়ঙ্কর ঘটনা ঘটল জার্মানির জেলে। কাঠগড়ায় প্রেমিকা। ছবি: ফ্রিপিক।
জেলে প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আবেগের তাড়নায় ঠোঁটে ঠোঁট ছুঁইয়েছিলেন। কিন্তু প্রেমিকার সেই চুম্বনই প্রাণ কেড়ে নিল এক যুবকের। প্রেমিকা দেখা করে চলে যাওয়ার পর জেলের কুঠুরিতে বেঘোরে মৃত্যু হল তাঁর।
জার্মানির লাইপজ়িগ শহরের জেলে এই ঘটনা ঘটেছে। সরাসরি প্রেমিকাকেই দায়ী করছেন তদন্তকারীরা। শীঘ্রই তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হতে চলেছে।
মাদক মামলায় লাইপজ়িগ জেলে বন্দি ছিলেন ২৩ বছর বয়সি, আদতে টিউনিশিয়ার বাসিন্দা মহম্মদ। সম্প্রতি তাঁর সঙ্গে জেলে দেখা করতে যান ২৪ বছর বয়সি প্রেমিকা লরা।
দেখা করে চলে আসার সময় মহম্মদের ঠোঁট ছুঁয়ে চুম্বন করেন লরা। এর পর জেলের কুঠুরিতে ফিরে গিয়েই শরীরে অস্বস্তি শুরু হয় মহম্মদের। যন্ত্রণায় কুঁকড়ে যেতে শুরু করেন তিনি।
জেলের কুঠুরিতে এক সহবন্দি মহম্মদকে সাহায্য় চাইতে বলেন। ডাক্তারের জন্য আবেদন জানাতে বললেও, তাতে রাজি হননি মহম্মদ। পর দিন সকালে উঠে দেখা যায়, নিথর দেহ পড়ে রয়েছে মহম্মদের।
এর পর মহম্মদের দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। আর তাতেই চাঞ্চল্যকর তথ্য় উঠে আসে। জানা যায়, মহম্মদের পেটে ‘মাদক ফেটে’ বিপত্তি ঘটেছে। মেথামফিটামিন ছিটকে বেরিয়ে আসে। তাতেই হৃদরোগে আক্রান্ত হন মহম্মদ।
কিন্তু জেলের মধ্যে মহম্মদ মাদক পেলেন কী করে? সেই তদন্তে নেমেই চাঞ্চল্যকর তথ্য হাতে পান তদন্তকারীরা। জানা যায়, টিনের ফয়েলে কয়েক গ্রাম মাদক পুরে নিয়ে জেলে মহম্মদের সঙ্গে দেখা করতে যান লরা।
জিভের নীচে ওই ফয়েলে মোড়া মাদক রেখে দিয়েছিলেন লরা। চুম্বনের সময় তা মহম্মদের মুখে চালান করে দেন। কিন্তু দুর্ঘটনাবশত সেটি গিলে ফেলেন মহম্মদ। তাতেই অস্বস্তি শুরু হয় তাঁর শরীরে।
চিকিৎসকরা জানিয়েছেন, মহম্মদের পেটে গিয়ে ফেটে যায় মাদক ভরা ওই ফয়েল, যা থেকে ছিটকে বেরোয় মেথামফিটামিন। তাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মহম্মদ।
পুলিশ জানিয়েছে, মহম্মদ ও লরার এক সন্তানও রয়েছে। কিন্তু মহম্মদের মৃত্যুর জন্য লরাকেই দায়ী করছে পুলিশ। ইচ্ছাকৃত ভাবে মাদক চালানের দরুণ খুনের মামলা দায়ের হয়েছে। শীঘ্রই আদালতে বিচার প্রক্রিয়া শুরু হতে চলেছে তাঁর বিরুদ্ধে।
এই ঘটনায় জেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে। তবে এই প্রথম নয়। এর আগে, আমেরিকার টেনেসিতে ৩০ বছর বয়সি জশুয়া ব্রাউনও মাদক ওভারডোজে মারা যান। চুম্বনের সময় বেলুনে পুরে তাঁর মুখে মাদক চালান করে দিয়েছিলেন প্রেমিক। সেটিও সটান পেটে চলে যায় জশুয়ার। ওভারডোজে মারা যান তিনি।
(Feed Source: abplive.com)
