
গত বছর আরসিবির আইপিএল জয়ের বিজয়োৎসবে ১১ জন সমর্থকের পদপিষ্ট হয়ে মৃত্যুর পর থেকে চিন্নাস্বামীতে আর কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হয়নি। মহিলাদের বিশ্বকাপ সরানো হয়েছিল। চলতি বিজয় হাজারে ট্রফির ম্যাচ সেখানে আয়োজিত হওয়ার কথা থাকলেও, শেষ মুহূর্তে সেই ম্যাচগুলিও সরিয়ে নিয়ে যাওয়া হয়। এবার সূত্রের দাবি আরসিবি ম্যানেজমেন্ট গত বারের ঘটনার পর নিজেরাও চিন্নাস্বামীতে খেলতে চাইছে না। তাদের তরফে এখনও কর্ণাটক ক্রিকেট সংস্থাকেও চিন্নাস্বামীতে আইপিএলের ম্যাচ আয়োজন করার জন্য আগ্রহ দেখিয়ে যোগাযোগ করা হয়নি বলে দাবি করা হচ্ছে।
এবার শোনা যাচ্ছে চিন্নাস্বামীর বদলে ছত্তিশগড়ের রায়পুর আরসিবি ঘরের ম্যাচগুলি আয়োজন করার বিষয়ে এগিয়ে। দৌড়ে অবশ্য তারা একা নয়, মধ্যপ্রদেশের ইনদওরও রয়েছে বলে খবর। দিনকয়েক আগেই মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছিল রাজস্থান রয়্যালস এবং আরসিবি, দুই ফ্র্যাঞ্চাইজ়িই তাদের মাঠ দর্শন করেছে এবং এটাই বিশ্বদরবারে এই আন্তর্জাতিক স্টেডিয়ামকে তুলে ধরার বড় পদক্ষেপ।
এমসিএ-র তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে জানানো হয়, ‘সপ্তাহ দুই আগে এমসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম পরিদর্শনে আসার জন্য আরসিবি এবং রাজস্থান রয়্যালসকে অসংখ্য ধন্যবাদ। ওদের উপস্থিতি এমসিএ স্টেডিয়াম, পুণেকে শীর্ষ স্তরের ক্রিকেটের জন্য অন্যতম সেরা ডেস্টিনেশন হিসাবে তুলে ধরার জন্য একটা বড় পদক্ষেপ।’
বর্তমানে যা খবর তাতে এমসিএ স্টেডিয়ামে আইপিএলের ম্যাচ আয়োজিত হতে পারে। তবে সেখানে ম্যাচ খেলার দৌড়ে আরসিবি নয়, এগিয়ে বরং রাজস্থা রয়্যালস। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং রাজস্থান রয়্যালস ম্যানেজমেন্টের মধ্যে বিবাদ বহুদিনের। রাজস্থান বোর্ডের এক আধিকারিক তো রয়্যালসদের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা করার অভিযোগ পর্যন্ত করেছিলেন। বর্তমানে রাজস্থান বোর্ডের দায়িত্বে রয়েছে দিন দয়াল কুমারের নেতৃত্বাধীন এক অ্যাড-হক কমিটি। এই কমিটির সঙ্গে দীর্ঘ ঝামেলার জেরেই রয়্যালসরা তাঁদের সোয়াই মানসিংহ স্টেডিয়াম ছেড়ে নতুন মরশুমে নতুন ঠিকানায় ম্যাচ খেলতে আগ্রহী তারা। তবে এখনও এই বিষয়ে কোনওরকম সরকারি ঘোষণা করা হয়নি।
(Feed Source: abplive.com)
