)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের পাঞ্জাব ও বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় (Deadly Accidents in Pakistan and Balochistan) অন্তত ২৫ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। শনিবার ভোরে পঞ্জাবের সারগোধা জেলায় (Sargodha) একটি ট্রাক খালে পড়ে ১৫ জন নিহত হন। অন্য দিকে, বালোচিস্তানের ওরমারা মহকুমার কাছে যাত্রীবাহী একটি বাস উল্টে ১০ জনের মৃত্যু হয়। বালোচিস্তানের মাকরান কোস্টাল হাইওয়ের এই মর্মান্তিক দুর্ঘটনায় ১২ জনের বেশি আহত হয়েছেন। গওয়াদরের ওরমারা মহকুমার হুদ্দ গথ এলাকায় দ্রুতগতির এই যাত্রীবাহী কোচটি উল্টে যায়।
সারগোধায় ট্রাক খালে
পাকিস্তানের পঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে যাওয়ায় এক পরিবারের ১৫ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। শুক্রবার রাত ১১ টার দিকে ঘটেছে এই দুর্ঘটনা। ২৩ জন যাত্রীর মধ্যে চারজন শিশু ও ৫ জন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে যাচ্ছিল। ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখনই খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার একটি খালে পড়ে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই মারা যান ৮ জন।
আশঙ্কাজনক
পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দফতরের খুশাব শাখার কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার রাত ১১টা ২২ মিনিট নাগাদ তাঁরা একটি ইমার্জেন্সি কল পান, তারপর ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন তারা। উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকেই মৃত অবস্থায় উদ্ধার করে ৮ জনকে। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে এবং নিয়ে আসার পরে মারা যান আরও ৭ জন। যে ৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

নারী ও শিশু সবাই মৃত
নারী ও শিশুদের সবাই নিহত হয়েছেন। আহতদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তাঁরা সবাই শ্রমজীবী এবং কাজের আশায় বান্নু থেকে খুশাব শহরের দিকে আসছিলেন। আহত ৯ জনের মধ্যে ২ জনকে খুশাবের টিএইচকিউ এবং ৭ জনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এই দুর্ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন শেহবাজ শরিফ।
মলে আগুন
ওদিকে পাকিস্তানের এক বহুতল মলে আগুন! পাকিস্তানের করাচির এমএ জিন্নাহ সড়কের একটি বহুতল শপিং মলে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন মারা গিয়েছেন। শনিবার রাতে গুল প্লাজা নামে ওই শপিং মলে আগুন লাগে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। রবিবার সকালের তথ্য অনুযায়ী, কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নেভানো যায়নি। উদ্ধারকাজ চলছে। করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক জানান, অগ্নিকাণ্ডে প্রথমে তিনজনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়। পরে অবশ্য আরও দুটি মৃত্যু ঘটে। রবিবার সকালে করাচির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রেজা বলেন, ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৫ হয়েছে। উদ্ধারকাজের মুখপাত্র হাসানুল হাসিব খান জানান, আহত হয়েছেন অন্তত ২০ জন। তিনি বলেন, রবিসকাল পর্যন্ত আগুন প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
(Feed Source: zeenews.com)
