জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক ঘণ্টায় ঘরছাড়া কয়েক হাজার রোহিঙ্গা। দেশ ছেড়ে ভিন দেশে বসবাস করেও শান্তি নেই। কক্সবাজারের উখিয়ায় এক বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল কমপক্ষে ৫০০ রোহিঙ্গা ঘর। মঙ্গলবার রাত তিনটে নাগাদ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে যায়। শীতঘুমে মানুষ যখন কম্বলের ভেতরে আরামের ঘুম দিচ্ছেন সেই সময়ে বিরাট চিত্কারে জেগে ওঠেন মানুষজন। বিশাল আগুনের গোলা দেখে প্রাণ নিয়ে যে যেদিকে পারেন দৌড় লাগান।
গোটা ক্যাম্পজুড়ে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কেউ তাদের জিনিসপত্র নিয়ে বের হতে পারেননি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ক্যাম্পের ডি-৪ ব্লকে একটি এনজিও পরিচালিত লার্নিং সেন্টার থেকে প্রথমে আগুন লাগে। ক্যাম্পের ঘরগুলো অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং বাঁশ, ত্রিপলসহ দাহ্য উপকরণে তৈরি হওয়ায় আগুন অল্প সময়েই আশপাশের ঘর ও শেডে ছড়িয়ে পড়ে।
রোহিঙ্গা নেতা মোহাম্মদ আজিজ বলেন, আগুনে ৫০০ বেশি পরিবার তাদের সবকিছু হারিয়েছেন। বর্তমানে তারা খোলা আকাশের নিচে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।
আগুন লাগার খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়।
ফায়ার সার্ভিসের স্টেশনের এক কর্মকর্তা জানান, প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উনুন থেকে আগুনের উৎপত্তি হতে পারে।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় দায়িত্বে থাকা এক আধিকারিক সংবাদমাধ্যমে জানান, আগুনে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা যাচ্ছে না প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাঁচ শতাধিক ঘর পুড়ে গিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গত ২৬ ডিসেম্বর চার নম্বর ক্যাম্পে একটি হাসপাতাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। এর আগের দিন কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে লাগা আগুনে অন্তত ১০টির বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়।
(Feed Source: zeenews.com)
