)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৪ জানুয়ারি ২০২৬, ২০২১ সালের জুলাইয়ের পর প্রথমবারের মতো আইসিসি ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়ে এক নম্বরে এসেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। কিন্তু কপালে বেশি দিন সুখ সইল না তাঁর। মাত্র ৭ দিনেই সিংহাসনচ্যুত রাজা!
২১ জানুয়ারি, বুধবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার প্রকাশিত ওডিআই ক্রমতালিকায় কোহলি কিন্তু এক ধাপ নেমে গেলেন। আইসিসি বলে দিল কোহলি এখন বিশ্বের ২ নম্বর ওডিআই ব্যাটার। কোহলির গদিতে থাবা বসালেন কিউয়ি ব্যাটার ড্যারেল মিচেল (Daryl Mitchell) ১৯৮৮ সালের পর নিউ জিল্যান্ড ভারতে ওডিআই সিরিজ জিতেছে। ৩৭ বছর পর ভারত দখলের নেপথ্যের কারিগর ছিলেন মিচেল!
মিচেল শোয়ে কোহলি নিস্প্রভ
যদিও কোহলির রেটিং ১০ পয়েন্ট বেড়েছে। তবে ভারতের বিপক্ষে দুর্দান্ত ওডিআই সিরিজের পর মিচেল তাঁকে ছাড়িয়ে গিয়েছেন। নিউ জিল্যান্ডের ব্যাটার ভারতে ব্যাট-শাসন করে তাঁর ৭৮৪ পয়েন্ট বাড়িয়ে ৮৪৫ পয়েন্টে করে ফেলেছেন। কোহলির থেকে র্যাঙ্কিংয়ের শীর্ষে ব্যবধান আরও বাড়িয়েছে। ৫০ ওভারের ফরম্যাটে বেশ কয়েকটি বড় ইনিংস খেলার পর গত সপ্তাহে কোহলি শীর্ষস্থানে ফিরে এসেছিলেন। তবে মাত্র এক পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় স্থানে থেকে মিচেল তাঁর ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন। নিউ জিল্যান্ডের ঐতিহাসিক জয়ে মিচেল সিরিজের সেরা নির্বাচিত হয়েছেন তিন ইনিংসে ১৭৬-এর গড়ে ৩৫২ রান করে সিরিজের সর্বাধিক রানশিকারিও হয়েছেন। দুটি সেঞ্চুরি একটি হাফ-সেঞ্চুরি করেছিলেন মিচেল। সিরিজের সেরাও হন তিনি।
কোহলি-মিচেলের কেমিস্ট্রি
গত রবিবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত-নিউ জিল্যান্ড ওডিআই সিরিজের অন্তিম তথা তৃতীয় ম্যাচ ছিল। ইন্দোরে দুই দলের কাছেই মরণ-বাঁচন ম্যাচ ছিল! কারণ সিরিজ ছিল ১-১। কিউয়িরা ইন্দোরে ভারতকে ৪১ রানে হারিয়ে সিরিজ ২-১ জিতে যায়। মিচেল ১৫ চার ও ৩ ছয়ে ১৩১ বলে ১৩৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। মিচেল সেদিন আউট হয়ে সাজঘরে যাওয়ার সময়ে কোহলি ছিলেন বাউন্ডারি লাইনে। তিনি মিচেলের পিঠ চাপড়ে দেন এই দারুণ ইনিংস খেলায়। পাশাপাশি মশকরা করতেও ছাড়েননি বিরাট। তিনি মজার ছলেই মিচেলকে সোজা ঘাড় ধাক্কা দিয়ে মাঠের বাইরে বার করেন। মিচেলও হাসতে হাসতে ফিরে যান। আর যে মিচেলকে কোহলি ঘাড় ধাক্কা দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে ছিলেন, সেই মিচেলই এবার কোহলির মাথায় চেপে বসলেন।
চারে নেমে এলেন রোহিত
মিচেল-কোহলির পিছনে রয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান (৭৬৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে), রোহিত শর্মার (চতুর্থ, ৭৫৭ পয়েন্ট) সঙ্গে স্থান বদল করেছেন তিনি। মিচেলের পাশাপাশি, নিউ জিল্যান্ড সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর রোহিত র্যাঙ্কিংয়ে চারে নেমে গিয়েছেন। রোহিত তিন ইনিংসে মাত্র ৬১ রান করতে পেরেছেন এবং ভালো শুরু করেও সেটিকে বড় স্কোরে পরিণত করতে ব্যর্থ হয়েছেন। যে কারণে সমালোচিতও হয়েছেন।
কেএল রাহুল প্রথম দশে
কেএল রাহুল ১০ নম্বরে উঠে এসেছেন। শ্রেয়াস আইয়ার ১১ নম্বরে রয়েছেন। অন্যদিকে শুভমন গিল ৫ নম্বর স্থান ধরে রেখেছেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে দুরন্ত পারফরম্যান্সের সুবাদেই রাহুলের এই উত্থান। এই সিরিজে ৩২ বছর বয়সী ক্রিকেটার প্রথম ম্যাচেই একটি ম্যাচজয়ী অপরাজিত ইনিংস খেলে তাৎক্ষণিক প্রভাব ফেলেছিলেন এবং দ্বিতীয় ম্যাচে একটি দুর্দান্ত সেঞ্চুরি করে সেই ধারা বজায় রাখেন। ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে তিনি ১১২ রানে অপরাজিত থাকেন, যেখানে তিনি ১১ চার ও একটি ছক্কা হাঁকান। যদিও সিরিজের শেষ ম্যাচে তিনি এক রানে আউট হয়ে একটি বিরল ব্যর্থতার সম্মুখীন হন।
আইসিসি ওডিআই র্যাঙ্কিং (ব্যাটার)
১) ড্যারেল মিচেল (নিউ জিল্যান্ড) — রেটিং পয়েন্ট: ৮৪৫
২) বিরাট কোহলি (ভারত) — রেটিং পয়েন্ট: ৭৯৫
৩) ইব্রাহিম জাদরান (আফগানিস্তান) — রেটিং পয়েন্ট: ৭৬৪
৪) রোহিত শর্মা (ভারত) — রেটিং পয়েন্ট: ৭৫৭
৫) শুভমন গিল (ভারত) — রেটিং পয়েন্ট: ৭২৩
৬) বাবর আজম (পাকিস্তান) — রেটিং পয়েন্ট: ৭২২
৭) হ্যারি টেক্টর (আয়ারল্যান্ড) — রেটিং পয়েন্ট: ৭০৮
৮) শে হোপ (ওয়েস্ট ইন্ডিজ) — রেটিং পয়েন্ট: ৭০১
৯) চরিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা) — রেটিং পয়েন্ট: ৬৯০
১০) কেএল রাহুল (ভারত) — রেটিং পয়েন্ট: ৬৭০
১১) শ্রেয়স আইয়ার (ভারত) — রেটিং পয়েন্ট: ৬৫৬
১২) ট্র্যাভিস হেড (অস্ট্রেলিয়া) — রেটিং পয়েন্ট: ৬৫৩
১৩) কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা) — রেটিং পয়েন্ট: ৬৪৬
১৪) পাথুম নিশাঙ্কা (শ্রীলঙ্কা) — রেটিং পয়েন্ট: ৬৩৯
১৫) কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা) — রেটিং পয়েন্ট: ৬৩৮
(Feed Source: zeenews.com)
