)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেককিছুই হয় উত্তরপ্রদেশে। দলের বিধায়কই রাজ্যের মন্ত্রী স্বতন্ত্র দেব সিংকে তুলে নিয়ে চলে গেলেন। এমন ‘অপহরণে’ তোলপড়া পড়ে যায় এলাকায়। শুক্রবার উত্তর প্রদেশের মহোবা জেলায় এসেছিলেন স্বতন্ত্র দেব সিং। সেখান থেকে নাটকীয়ভাবে স্থানীয় বিধায়ক ব্রিজভূষণ সিং মন্ত্রীকে ‘জোর করে’জেলা কালেক্টরেট অফিসে নিয়ে চলে যান।
স্থানীয় সংবাদমাধ্য়মের খবর, দুই নেতার নিরাপত্তারক্ষীদের মধ্যে হাতাহাতি বা মারামারি শুরু হয়ে যায়। ওই ঘটনার ফলে জেলা কালেক্টরেট চত্বরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়।
রাজ্যের জলশক্তি মন্ত্রী স্বতন্ত্র দেব সিং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের একটি অনুষ্ঠানে যোগ দিতে মহোবায় গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তিনি যখন সভা ছেড়ে যাচ্ছিলেন তখন চরখারির বিজেপি বিধায়ক ব্রিজভূষণ সিং তাঁকে আটকানোর চেষ্টা করেন। বিধায়কের দাবি ছিল, মন্ত্রী যেন সেইসব গ্রামের প্রধানদের সঙ্গে দেখা করেন যেখানে ‘জল জীবন মিশন’ এর আওতায় এখনও জল সরবরাহ করা যায়নি।
ব্রিজভূষণ ওই অনুরোধ করার পরই মন্ত্রীর ব্যক্তিগত সহকারী এবং বিধায়কের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়ে যায়। বিবাদের পর প্রায় জোর করেই স্বতন্ত্র দেবকে নিয়ে জেলা কালেক্টরেট অফিসের দিকে রওনা হন ব্রিজভূষণ। সেখানেও চরম উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের প্রবেশ ঠেকাতে কর্তৃপক্ষ পুরো কালেক্টরেট চত্বর ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে।
মন্ত্রীর সঙ্গে সংঘাত নিয়ে ব্রিজভূষণ সিং বলেন, হর ঘর নল-প্রধানমন্ত্রীর অত্যন্ত বড় প্রকল্প। সেটির সঠিক বাস্তবায়ন হওয়া উচিত। এটি যাতে ঠিকঠাকভাবে কার্যকর হয় তার জন্য আমি প্রয়োজনীয় সবকিছু করব। জনগণ আমাকে সেই দায়িত্ব দিয়েছেন। তাঁদের স্বার্থে আমি আমার লড়াই চালিয়ে যাব। মনে হচ্ছে ‘নমোনী গঙ্গে’ প্রকল্পটিও মাঝপথে ঝুলে আছে। বেশ কিছু গ্রামের রাস্তা খুঁড়ে রাখা হয়েছে এবং পাইপলাইন ফেটে জল লিক করায় মানুষের সমস্যা আরও বেড়েছে। আমরা এই জরুরি সমস্যাগুলো সম্পর্কে মন্ত্রীকে জানিয়েছি এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।
বিজেপি বিধায়ক আরও জানান যে, মন্ত্রী এই সমস্ত সমস্যা সমাধানের জন্য ২০ দিন সময় চেয়েছেন। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এই বিষয়টিকে এড়িয়ে যাওয়া হয় তাহলে আমরাও ছেড়ে দেব না। মন্ত্রী আমাকে বলেছিলেন যে তিনি নিজে আমার সাথে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শনে যাবেন এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসেননি। আমি এই বিষয়টি নিয়ে বারবার সরব হব,কারণ এটি প্রধানমন্ত্রী মোদীর প্রকল্প।
(Feed Source: zeenews.com)
