ভারতের কিংবদন্তি অ্যাথলিটের পরিবারে বিপর্যয়, ফোন করে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী

ভারতের কিংবদন্তি অ্যাথলিটের পরিবারে বিপর্যয়, ফোন করে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: ভারতের কিংবদন্তি অ্যাথলিট পি টি ঊষার (PT Usha) পরিবারে বিপর্যয় । প্রয়াত হলেন তাঁর স্বামী ভি শ্রীনিবাসন । পি টি ঊষার পরিবার সূত্রে খবর, শুক্রবার ভোরবেলা প্রয়াত হয়েছেন ভি শ্রীনিবাসন । তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর ।

জানা গিয়েছে, শুক্রবার ভোরবেলা বাড়িতেই আচমকা লুটিয়ে পড়েন ভি শ্রীনিবাসন (V Srinivasan) । সঙ্গে সঙ্গে তাঁকে একটি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

ভি শ্রীনিবাসনের মৃত্যুর খবর পেয়ে মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) । তিনি ফোন করেছিলেন পি টি ঊষাকে । গভীর সমবেদনা জানান কিংবদন্তি অ্যাথলিটকে ।

ভি শ্রীনিবাসন কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন । পি টি ঊষার কেরিয়ারে নানা উত্থান পতনের সঙ্গী । খেলা ছাড়ার পর যখন পি টি ঊষা রাজনীতিতে যোগ দেন, তখনও পাশে ছিলেন ভি শ্রীনিবাসন ।

পি টি ঊষাকে ভারতীয় ক্রীড়াজগতের কিংবদন্তি মনে করা হয় । এবার তাঁর জীবনে গভীর শোকের ছায়া । প্রয়াত হলেন তাঁর স্বামী ভি শ্রীনিবাসন । শুক্রবার ভোরে কেরলের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । মৃত্যুকালে ভি শ্রীনিবাসনের বয়স হয়েছিল ৬৭ বছর । দীর্ঘ কয়েক দশকের দাম্পত্য জীবন তাঁদের । রয়েছে এক পুত্র উজ্জ্বল ।

চিকিৎসার সুযোগ দেননি ভি শ্রীনিবাসন । পারিবারিক সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরে আচমকাই অসুস্থ বোধ করেন শ্রীনিবাসন । বাড়িতেই ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি । তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয় ।

১৯৯১ সালে অ্যাথলিট পি টি ঊষার সঙ্গে ভি শ্রীনিবাসনের বিয়ে হয় । পি টি ঊষার দীর্ঘ কেরিয়ারে তিনি ছিলেন ছায়াসঙ্গী । ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যখন ঊষা ভারতের হয়ে লড়াই করতেন, তখন নেপথ্যে শক্তির জোগান দিতেন শ্রীনিবাসন । ঊষার অবসরের পর যখন তিনি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হন, রাজনীতির আঙিনায় পা রাখেন, রাজ্যসভা সাংসদ হন, স্ত্রীর পাশে সব সময় ছিলেন তিনি । ঊষা নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে স্বামী শ্রীনিবাসনকে তাঁর জীবনের শ্রেষ্ঠ ‘সাপোর্ট সিস্টেম’ হিসেবে উল্লেখ করেছেন ।

কেরলেই ভি শ্রীনিবাসনের শেষকৃত্যের প্রস্তুতি চলছে ।

(Feed Source: abplive.com)