
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ের প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন ওয়াশিংটন। স্ক্যান এবং তারপর বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শের পর জানা যায় তাঁর সাইড স্ট্রেন হয়েছে এবং সুস্থ হতে কয়েকদিনের বিশ্রামের প্রয়োজন। সেই কারণেই কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে খেলতে পারেননি সুন্দর। বিশ্রাম পেয়ে তিনি কি ফিট হতে পেরেছেন? বিশ্বকাপে কি তাঁকে খেলতে দেখা যাবে? ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) কিউয়িদের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ শেষে সুন্দরের ফিটনেস সম্পর্কে আপডেট দেন।
ভারতীয় অধিনায়ক জানান সুন্দর ব্যাটিং এবং বোলিং করা প্রায় শুরুই করে দিয়েছেন। বিশ্বকাপে তাঁর অংশগ্রহণের বিষয়েও সূর্যকে বেশ ইতিবাচকই শোনায়। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে সূর্য বলেন, ‘আমি যতদূর জানি সুন্দর সুস্থ হয়ে উঠছেন। আমরা গতকাল ওদের দুইজনের (তিলক এবং ওয়াশিংটন সুন্দর) সঙ্গেই কথা বলেছি। তিলকের অবস্থা অনেকটাই ভাল। আর ওয়াশিংটন প্রায় বোলিং এবং ব্যাটিং শুরু করে দিয়েছে। ওকেও মোটামুটি ঠিকঠাকই দেখাচ্ছে। আশা করছি ওকে আমরা দ্রুতই ফিরে পাব।’
৭ ফেব্রুয়ারি থেকে বিশের বিশ্বকাপ শুরু হবে। রিপোর্ট অনুযায়ী তার তিন দিন আগে, ৪ ফেব্রুয়ারি বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে সুন্দরের ফিটনেস পরীক্ষা হবে। সুন্দরের ফিট হতে প্রত্যাশার থেকে অনেক বেশি সময় লাগছে। তবে তাঁর পরিবর্তে ব্যাক আপ প্রস্তুত করার আগে রিপোর্ট অনুযায়ী ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকরা মেডিক্যাল দলের রিপোর্টের অপেক্ষা করতে আগ্রহী। সাধারণত দলগুলি নিজেদের প্রাথমিক স্কোয়াডে ৩০ জানুয়ারি পর্যন্ত বদল ঘটাতে পারত। তবে কোনও ক্রিকেটার আহত হলে সেক্ষেত্রে টেকনিক্যাল কমিটির অনুমতি নিয়ে টুর্নামেন্টের মাঝপথেও দলে বদল ঘটানো সম্ভব।
ওয়াশিংটন সুন্দরের ফিটনেস টেস্টের রিপোর্ট সামনে এলে তারপরেই তাঁর ফিট হতে কতটা সময় লাগবে, সেই বিষয়টি বোঝা যাবে। ভারতীয় বোর্ডের তরফে সুন্দরের ঠিক কোথায় চোট লেগেছে, সেটা জানানো হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী তাঁর পিঠের দিকে পাঁজরের কাছে পেশি ছিঁড়ে গিয়েছে। এবার দেখার সুন্দর শেষমেশ ফিট হয়ে দলের সঙ্গে কবে যোগ দেন।
(Feed Source: abplive.com)
