
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাজেটে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে যুগান্তকারী ঘোষণা দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের। শি-মার্ট (SHE-MART) মানে সর্ব-মহিলা রিটেল আউটলেট গড়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যে রিটেল আউটলেটের ম্যানেজার থেকে শুরু করে সর্বস্তরের কর্মী হবেন শুধু মহিলারাই। একইসঙ্গে প্রতিটি জেলায় মেয়েদের জন্য হস্টেলের ঘোষণাও করেছেন সীতারামণ।
নারীদের ক্ষমতায়নের উপর জোর দিয়েই এবার বাজেটে দুটি বড় প্রস্তাব রাখা হয়েছে— (১) স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে (SHE) মার্ট স্থাপন আর (২) দেশের প্রতিটি জেলায় নারীদের জন্য হস্টেল নির্মাণ। সীতারামণ জানিয়েছেন, SHE-MART-এর মাধ্যমেই স্বনির্ভর গোষ্ঠী (SHG)-গুলিকে ব্যবসায়িক উদ্যোগের মালিক করা হবে। SHE মার্টগুলির মূল লক্ষ্য-ই হবে তৃণমূল স্তর থেকে নারী-নেতৃত্বাধীন উদ্যোগগুলিকে উৎসাহ দেওয়া। এর পাশাপাশি, স্বনির্ভর গোষ্ঠীগুলির মাধ্যমে স্থানীয় খুচরো বাজারের নেটওয়ার্ক গড়ে তোলা হবে।
‘লাখপতি দিদি’ প্রকল্পের সাফল্যের উপর ভর করেই এই শি-মার্ট প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। যেখানে একজন SHG সদস্যের বার্ষিক আয় ১ লক্ষ টাকা, সেখানে SHE মার্টের মাধ্যমে কমিউনিটি স্তরে জীবিকা তৈরি এবং বার্ষিক আয় বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। বাজেট ভাষণে নির্মলা সীতারামণ বলেন, “লাখপতি দিদি কর্মসূচির সাফল্যের উপর ভিত্তি করে, আমি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াকে ঋণ-নির্ভর জীবিকা থেকে উদ্যোগের মালিক হওয়ার লক্ষ্যে পরবর্তী ধাপে নিয়ে যেতে চাই। যে জন্য কমিউনিটি স্তরে স্বনির্ভর উদ্যোক্তাদের মাধ্যমে রিটেল আউটলেট শি-মার্ট স্থাপন করা হবে।”
নারীদের জন্য হস্টেল সুবিধা
এবার বাজেটে নারীকেন্দ্রিক আরেকটি বড় ঘোষণা হল সারা দেশে নারী শিক্ষার্থীদের জন্য হস্টেল তৈরির প্রস্তাব। দেশের প্রতিটি জেলায় মেয়েদের জন্য হস্টেল তৈরির কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যার লক্ষ্য-ই হল মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বাড়ানো ও ড্রপ আউট হার কমানো। তিনি বলেন, “VGF (ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং) ও মূলধনী সহায়তার মাধ্যমে প্রতিটি জেলায় একটি করে মেয়েদের হস্টেল তৈরি করা হবে।” প্রসঙ্গত, ২০২৬–২৭ বাজেটে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রককের জন্য বরাদ্দ করা হয়েছে ২৮,১৮৩.০৬ কোটি টাকা।
(Feed Source: zeenews.com)
