বাংলাদেশের নির্বাচন শেষে পাল্টি! ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে শেষবেলায় মনবদল করতে পারে পাকিস্তান?

বাংলাদেশের নির্বাচন শেষে পাল্টি! ভারতের বিরুদ্ধে ম্যাচ নিয়ে শেষবেলায় মনবদল করতে পারে পাকিস্তান?
নয়াদিল্লি: সপ্তাহান্তে পাকিস্তান সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল তারা দলকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2026) ভারতের বিরুদ্ধে ম্যাচ (India vs Pakistan) বয়কট করা অনুমতি দিয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই আইসিসি তরফেও পাল্টা হুঁশিয়ারি দেওয়া হয়। এবার নতুন রিপোর্টে দাবি করা হচ্ছে পিসিবি প্রধান মহসিন নকভি কিন্তু একেবারে শেষবেলায় নিজের মনবদল করতে পারেন।

পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নির্বাচনের সঙ্গে মহসিন নকভির সিদ্ধান্তের সরাসরি যোগাযোগ রয়েছে। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচন আয়োজিত হবে। তারপরেই মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বদলে গণতান্ত্রিক সরকার দায়িত্ব হাতে তুলে নেবে। সেইসময়ই নিজেদের সিদ্ধান্তে সম্পূর্ণ ১৮০ ডিগ্রি ঘুরে যেতে পারেন নকভি। অন্তত রিপোর্টে এমনই দাবি করা হচ্ছে।

গোটা বিষয়ে অবগত এক সূত্র দাবি করেন, ‘মহসিন নকভি তো ক্রিকেট প্রশাসকের থেকেও তিনি আগে একজন রাজনীতিবিদ। ওঁ জাতীয় দলকে নিয়ে বিন্দুমাত্র উদ্বিগ্ন নন। এইসব সিদ্ধান্ত নিয়ে কিছু ব্রাউনি পয়েন্ট জোগাড় করার চেষ্টায় রয়েছেন ওঁ এবং একবার ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন হয়ে গেলে অনায়াসেই নিজের সিদ্ধান্ত পাল্টে ফেলতে পারেন। তখনও ভারত ম্যাচের আগে দুই দিন বাকি থাকবে এবং পরিস্থিতি কিন্তু মুহূর্তেই বদলে যেতে পারে। নতুবা পাকিস্তান যে বহিষ্কৃত হতে পারে, তা কিন্তু ওঁ ভালভাবেই জানেন।’

পাকিস্তানের ক্রিকেট বোর্ড সভাপতি হওয়ার পাশাপাশি মহসিন নকভি কিন্তু পাকিস্তান সরকারেরও মন্ত্রী। তিনি পাকিস্তানের ইন্টিরিয়র মন্ত্রী। তাই পিটিআইয়ের রিপোর্টের এই দাবি কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার মতো নয়। পাকিস্তান সেই ম্যাচ খেলুক বা না খেলুক, ভারত কিন্তু এমনিও সেই ম্যাচের জন্য শ্রীলঙ্কায় সফর করবে। নিয়ম কিন্তু তাই দাবি করছে।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিয়ম অনুযায়ী ভারতকে সেদিন নিয়মমত মাঠে পৌঁছতে হবে। এমনকী সূর্যকুমারকে টস করতেও নামতে হবে মাঠে। নির্ধারিত সময় অনুযায়ী যদি পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা মাঠে না থাকেন। তাহলে তখন ম্যাচ রেফার সেই ম্যাচ ওয়াকওভার ঘোষণা করবেন। আর ভারত পয়েন্ট ঝুলিতে পুরে নেবে। অর্থাৎ পাকিস্তান শুধু বয়কট করে দিল বলেই যে পয়েন্ট ঢুকে যাবে ভারতের ঝুলিতে, তা কিন্তু নয়। টিম ইন্ডিয়াকে কলম্বোয় পৌঁছতে হবে ও মাঠেও নামতে হবে।

বিসিসিআইয়ের সূত্র মারফতও জানা গিয়েছে যে ভারত ১৫ ফেব্রুয়ারির সেই ম্যাচের আগে যথারীতি অনুশীলন, সাংবাদিক বৈঠক সারবে এবং ম্যাচের দিনও মাঠে উপস্থিত থাকবেন সূর্যকুমার যাদবরা। ফলে পাকিস্তান শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলালে কিন্তু ম্যাচ আয়োজিত হতেই পারে।

(Feed Source: abplive.com)