
কলকাতা: দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2026)। গতবারের চ্যাম্পিয়ন ভারত। এবারও অন্যতম ফেভারিট। গত আড়াই বছরে ভারতের ঝুলিতে রয়েছে এমন সমস্ত রেকর্ড, যা বিশ্বকাপ শুরুর আগে বাড়িয়ে দেবে দলের মনোবল। রইল ঝলক
- ২০২৩ সালের অক্টোবর মাস থেকে এখনও পর্যন্ত টি-২০ ক্রিকেটে দুরন্ত রেকর্ড ভারতের (Team India)। পরিসংখ্যান বলছে, এই সময়ে ভারত ৪৮টি ম্যাচ জিতেছে আর মোটে ৮টি হেরেছে। অনেক পিছিয়ে দুই নম্বরে অস্ট্রেলিয়া (২৮টি জয় ও ১৩ হার)।
- সুপার ওভারের ফয়সালা ধরলে, জয়ের সংখ্যা আরও বেশি। কারণ, এই সময়ে ভারতের তিনটি টি-২০ ম্যাচ সুপার ওভারে গড়িয়েছে আর তিন ম্যাচেই জিতেছে ভারত।
- এই সময়ের মধ্যে ভারতের রান রেটই সবচেয়ে বেশি। ওভার প্রতি ৯.৬৯ রান করে তুলেছে ভারত। দ্বিতীয় স্থানে ইংল্যান্ড (৯.৬৭) ও তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া (৯.৫৫)।
- এই সময়ে মোট ৬২টি ম্যাচে ২০ বার ২০০ বা তার বেশি রান করেছে টিম ইন্ডিয়া। দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ়। ৬১ ম্যাচে ১৩ বার দুশো বা তার বেশি রান করেছে তারা।
- নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-২০ সিরিজে ৫ ম্যাচে তিন ইনিংসে দুশো বা তার বেশি রান তুলেছিল ভারত। একটা ম্যাচে মাত্র ১০ ওভারে ১৫৪ তুলে জিতেছে ভারত।
- নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ওভার প্রতি ১২.৩৫ রান করে তুলেছে ভারত। তিন বা তার বেশি ম্যাচের সিরিজে যা টি-২০ ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সেরাটাও ভারতেরই। ২০২৪ সালে বাংলাদেশের বিরুদ্ধে ওভার প্পতি ১২.৫৪ রান করে তুলেছিল সিরিজে।
- ২০২৩ সালের অক্টোবর মাস থেকে ভারতের বিশ্বকাপের দলের ক্রিকেটারেরা ১০৮১টা ছক্কা মেরেছেন। প্রত্যেক ১০.৯৯ বল অন্তর ছক্কা মেরেছেন তাঁরা।
- এই তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তাদের বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ব্যাটাররা এই সময়ে ১১.৯১ বল অন্তর ছক্কা মেরেছেন।
- ছক্কা মারার নিরিখে শুধু অভিষেক শর্মার রেকর্ডই চোখধাঁধানো। ২৪৯টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। যা বিশ্বকাপে খেলা সব ব্যাটারদের এই সময়কালের মধ্যে সর্বোচ্চ।
- এই সময়কালে ভারতের বিশ্বকাপ দলের ব্যাটাররা ৯ বার ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা মেরেছেন। অন্য দলে তিনবারের বেশি যে নজির নেই।
- এই সময়কালে অন্তত ৩০টি ছক্কা মেরেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বলে ছক্কা মারার নিরিখেও শীর্ষে অভিষেক শর্মা। প্রত্যেক ৬.৭৮ বল অন্তর ছক্কা মেরেছেন অভিষেক। এই তালিকায় দুশোর বেশি স্ট্রাইক রেট রেখে ব্যাটিং করা একমাত্র ব্যাটার তিনি। তিনি ছাড়া ঈশান কিষাণ প্রত্যেক ৯.৬৪ বল অন্তর, হার্দিক পাণ্ড্য প্রত্যেক ১০.৪৭ বল অন্তর ও শিবম দুবে প্রত্যেক ১০.৬৭ বল অন্তর ছক্কা মেরেছেন।
(Feed Source: abplive.com)
