Zee 24 Ghanta Binodone Sera 24: শ্বেত পাথরের থালা থেকে লাঠি- বাঙালিকে মূল্যবোধ শিখিয়ে অনন্য প্রভাত রায়…

Zee 24 Ghanta Binodone Sera 24: শ্বেত পাথরের থালা থেকে লাঠি- বাঙালিকে মূল্যবোধ শিখিয়ে অনন্য প্রভাত রায়…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৯ জানুয়ারি, বৃহস্পতিবার ‘রেড লেটার ডে’ বাংলার বিনোদনে। আজ সব রাস্তা মিশেছে নিউটাউনে। জি ২৪ ঘণ্টা এবং স্ট্রেটলাইন ওয়ার্ল্ডওয়াইড-এর যৌথ উদ্যোগে শুরু হয়ে গেল রাজসূয় যজ্ঞ। পর্দা উঠল মেগা অ্যাওয়ার্ড শো ‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ (Zee 24 Ghanta Binodone Sera 24)-এর। নিছকই এটা আর পাঁচটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান নয়, বরং বাংলার চলচ্চিত্র, টেলিভিশন, ওটিটি এবং ডিজিটাল দুনিয়ার সৃজনশীলতাকে কুর্নিশ জানানোর এক মেগা মঞ্চ।

‘দ্য ওয়েস্টিন রাজারহাট’ যেন আজ এক টুকরো টিনসেল টাউন। রঙিন রেজিস্ট্রেশন ডেস্ক থেকে শুরু করে রেড কার্পেট হয়ে প্রতীকী রেট্রো ভিনটেজ প্রজেক্টর মডেল! নববধূর মতো সেজেছে ‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’। মোট ২৪টি বিভাগে দেওয়া হবে এই সম্মাননা। অভিনেতা-অভিনেত্রীদের গ্ল্যামারের সঙ্গেই মিশছেন ক্যামেরার পিছনের কারিগররা অর্থাৎ পরিচালক এবং টেকনিশিয়ানদের কাজের চুলচেরা বিশ্লেষণ করে পুরস্কৃত করা হবে। এছাড়া দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে এক কিংবদন্তিকেই দেওয়া হবে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’।

‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ হোস্ট করছে অভিনেতা রুদ্রনীল ঘোষ, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ও মডেল-অভিনেত্রী সৌরসেনী মৈত্র। রীতিমতো এদিন দুপুর থেকেই তাঁরা একেবারে রিহার্সাল সেরেছেন। তৈরি হয়েছেন মেগা শোয়ের জন্য়। সেরা সিনেমার সঙ্গেই সেরা অভিনেতা/অভিনেত্রী, সেরা পরিচালকের মনোনয়ন জমা পড়ে গিয়েছে। বেছে নেওয়া হবে সেরা কন্টেন্ট ক্রিয়েটারদের এবং নেটপ্রভাবীদেরও। বিনোদনের সেরাদেরই জি ২৪ ঘণ্টা কুর্নিশ জানাচ্ছে। একেবারে চাঁদের হাট বসছে…

‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’ চলচ্চিত্র, ওটিটি (OTT), টেলিভিশন, সঙ্গীত এবং ডিজিটাল কন্টেন্টের ক্ষেত্রে অসামান্য সাফল্যকে উদযাপন করে। যে সমস্ত অভিনেতা, চিত্রপরিচালক, সঙ্গীতশিল্পী এবং গল্পকারদের সৃজনশীল আবেগ ও উদ্ভাবনী ভাবনা সমকালীন বাংলা গল্প বলার ধরণকে প্রতিনিয়ত নতুনভাবে সংজ্ঞায়িত করছে, এই মঞ্চ তাঁদের সেই শ্রেষ্ঠত্বকেই সম্মানিত করে।

বয়স কোনও সংখ্যা নয়, এ ভাবেও ফিরে আসা যায়। জীবনকৃতি সম্মান পেয়ে প্রভাত রায় তা আরও একবার প্রমাণ করলেন….

প্রভাত রায় -জন্ম ১৯৪৬ জামশেদপুরে বাংলা চলচ্চিত্রের পরিচালক, যিনি বাংলা চলচ্চিত্রে তাঁর কাজের জন্য পরিচিত ।  দুটি জাতীয় পুরষ্কার বিজয়ী, তিনি তাঁর পরিচালিত উদ্যোগ শ্বেত পাথরের থালা (১৯৯২), সন্ধ্যাতারা (১৯৯৪) এবং লাঠি (১৯৯৬) -এ সামাজিক সমস্যাগুলি পরিচালনা করার জন্য পরিচিত ।

তিনি ১৯৭০-এর দশকের গোড়ার দিকে সহকারী পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। শর্মিলা ঠাকুর , রঞ্জিত মল্লিক , ভিক্টর ব্যানার্জি এবং নাসিরুদ্দিন শাহ অভিনীত তাঁর পরিচালিত চলচ্চিত্র “প্রতিদান ” (১৯৮৩) বক্স অফিসে ব্যাপক সাফল্য লাভের পর তিনি খ্যাতি অর্জন করেন। তিনি “প্রতিকার” (১৯৮৭), “প্রতিক” (১৯৮৮), “লাঠি” (১৯৯৬) এবং ” শুভদৃষ্টি ” (২০০৫) এর মতো বাণিজ্যিক ব্লকবাস্টার ছবি তৈরি করেন। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ছাড়াও তিনি ১৬টি টেলিফিল্ম এবং ৩টি টিভি সিরিজ পরিচালনা করেন। তিনি জুন মালিয়া এবং প্রিয়াঙ্কা ত্রিবেদীকে শোবিজে পরিচয় করিয়ে দেন।

তাঁকে সম্মানিত করতে পেরে জি ২৪ ঘণ্টা আরও একবার সম্মানিত বোধ করল।

অনুষ্ঠানের সময়সূচী

‘জি ২৪ ঘণ্টা বিনোদনে সেরা ২৪’-এর এই জমকালো অনুষ্ঠানটি  ২৯ জানুয়ারি (২০২৬) কলকাতার দ্য ওয়েস্টিন (রাজারহাট)-এ চিত্রায়িত হচ্ছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি আগামী ৮ ফেব্রুয়ারি, ২০২৬, বিকেল ৫টায় জি ২৪ ঘণ্টা চ্যানেলে সম্প্রচারিত হবে।

(Feed Source: zeenews.com)