)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘদিন ধরেই লাইফবয় (Lifebuoy Soap) সাবান দেশের অন্যতম সফল এবং সর্বাধিক লাভজনক প্রসাধনী পণ্য হিসেবে পরিচিত। কোম্পানি দাবি করে যে, লাইফবয় হাত ও ত্বকের জীবাণু-ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে।
সাধারণের মধ্যে লাইফবয় এতটাই জনপ্রিয়তা অর্জন করে ফেলেছে, যে মনে করা হয়, লাইফবয় কখনই কোনও প্রতিযোগিতার সম্মুখীন হবে না। এই সাবানের কোনও প্রতিদ্বন্দ্বিতাই থাকবে না।
বেসরকারি ভাবেই লাইফবয়কে দেশের ১ নম্বর সাবান হিসেবে দেখা হয়। তবে প্রকৃতির নিয়মেই বদলে গেল পরিস্থিতি! ফাস্ট-মুভিং কনজিউমার গুডসের দুনিয়া জানাচ্ছে যে, লাইফবয় আর দেশের ১ নম্বর সাবান নয়! তার জায়গা নিয়েছে আরেক ভীষণ চেনা সাবান।
কোন ব্র্যান্ডের কাছে হার?
হিন্দুস্তান ইউনিলিভারের লাইফবয় সাবানকে সিংহাসনচ্যুত করেছে উইপ্রো কনজিউমার কেয়ার অ্যান্ড লাইটিংয়ের প্রধান সাবান ব্র্যান্ড সন্তুর। এই দাবি করেছে উইপ্রোই। যারা বলছে যে, সন্তুর সাবান এখন লাইফবয়কে ছাড়িয়ে দেশের বৃহত্তম সাবান ব্র্যান্ডে পরিণত হয়েছে। উইপ্রো বলছে, ২০২৫ সালে সন্তুর ২৮৫০ কোটি টাকার রাজস্ব আদায় করেছে এবং এই প্রক্রিয়াতেই লাইফবয়কে ছাড়িয়ে গিয়েছে। তিনে রয়েছে লাক্স। যাই হোক কোম্পানিগুলির পৃথক রাজস্ব প্রকাশ করার বাধ্যবাধকতা নেই, যার ফলে বাস্তবে এই পরিসংখ্যানগুলি যাচাই করা কঠিন।
উইপ্রো কী বলছে?
উইপ্রো কনজিউমার কেয়ার জানিয়েছে যে তারা, একাধিক উৎস থেকে তথ্য সংগ্রহ করেছে এবং তাদের নেতৃত্বের উপর আত্মবিশ্বাসী। ডব্লিউসিসিএল-এর সিইও বিনীত আগরওয়াল বলেছেন, ‘আমাদের এবং লাইফবয়ের মধ্যে এক উল্লেখযোগ্য ব্যবধান রয়েছে।’
এক সর্বভারতীয় মিডিয়ার প্রতিবেদন অনুসারে, গতবছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এসি নিয়েলসেনের তথ্য অনুসারে, সন্তুরের বাজার শেয়ার ছিল ৮.৭%, যেখানে লাইফবয়ের মার্কেট শেয়ার ছিল ১২.১% এবং লাক্সের বাজার শেয়ার ছিল ১২.২%। যার মানে লাইফবয়ই রয়েছে সিংহাসনে।
যদিও আগরওয়াল একমত নন, তিনি প্রশ্ন তুলেছেন শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী বাজার গবেষণা সংস্থার রিপোর্ট নিয়ে। তাঁর সংযোজন, ‘সন্তুর গ্রামীণ এলাকায় বেশ শক্তিশালী, অথচ এসি নিয়েলসন প্যানেল গ্রামীণ বাজারগুলির পর্যাপ্ত প্রতিনিধিত্ব করে না। অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র এবং গুজরাটে সন্তুরের বিক্রি বেশি। রিপোর্ট দেখে মনে হচ্ছে যে, এসি নিয়েলসন প্যানেল এই রাজ্যগুলিকে যথেষ্ট গুরুত্ব দেয় না।’
গুগল কী বলছে?
২০২৫ সালের শেষের দিকে এবং ২০২৬ সালের গোড়ার দিকের পরস্পরবিরোধী শিল্প তথ্য অনুসারে, ভারতীয় সাবান বাজারে লাইফবয় তাদের শীর্ষস্থান ধরে রেখেছে, যার বাজার শেয়ার প্রায় ১২.১% থেকে ১৮.৫%। সাম্প্রতিক তথ্য অনুসারে সন্তুরের মতো ব্র্যান্ডগুলি তীব্র প্রতিযোগিতার মুখে ঠেলে দিয়েছে। শক্তিশালী গ্রামীণ উপস্থিতির কারণেই এই চ্যালেঞ্জ।
(Feed Source: zeenews.com)
