
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমাচল নয়, এবার জাপান। ভয়াবহ তুষারপাত সূর্যোদয়ের (heavy snow in Japan) দেশে। ২ সপ্তাহে অন্তত পক্ষে ৩০ জনের মৃত্যু ঘটেছে (30 deaths in two weeks)। এর মধ্যে সবচেয়ে মর্মান্তিক সম্ভবত এক ৯১ বছরের বৃদ্ধার করুণ মৃত্য়ুর ঘটনাটি। জাপানে গত দুই সপ্তাহে অস্বাভাবিক ভারী তুষারপাত ঘটেছে। এর জেরেই সেখানে এত জনের মৃত্যু হয়েছে।
মরদেহের পাশে বেলচা
গত ২০ জানুয়ারি থেকে আজ পর্যন্ত তুষারপাতে ৩০ জন মারা গিয়েছেন। আওমোরির একটি এলাকায় নিজের বাড়ির সামনেই তিন মিটার তুষার স্তূপের নীচে চাপা পড়ে মারা যান জিন নামের ৯১ বছর বয়সী বৃদ্ধা। পুলিসের ধারণা, সম্ভবত বাড়ির ছাদ থেকে তুষার গলে সরাসরি তাঁর উপর পড়ে। আর তাতেই চাপা পড়েন তিনি। এবং শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। তাঁর মরদেহের পাশে একটি অ্যালুমিনিয়ামের বেলচাও পাওয়া গিয়েছে।
প্রায় ১৫ ফুট তুষারের তলায়
জাপানের সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরি। সেখানে বাসিন্দাদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করেছে। সেখানকার দুর্গম এলাকাগুলিতে এখনও প্রায় ৪.৫ মিটার তুষার জমে আছে।
উদ্বিগ্ন প্রধানমন্ত্রী
পরিস্থিতি মোকাবিলায় জরুরি মন্ত্রিসভা বৈঠক করেছেন জাপানের প্রধানমন্ত্রী। তুষারপাতজনিত দুর্ঘটনা ও মৃত্যু রোধে মন্ত্রীদের সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়েছেন তিনি। ওদিকে আওমোরির গভর্নর জানান, তিনি জাপানি সামরিক বাহিনীকে দুর্যোগকালীন ত্রাণসহায়তার জন্য অনুরোধ করেছেন। উদ্ধারকর্মীরা রাস্তা এবং বাড়িঘর থেকে তুষার সরাতে হিমশিম খাচ্ছেন বলে জানা গিয়েছে। ছাদ থেকে তুষার পড়া বা বাড়ি ভেঙে পড়ার মতো প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি এখনও কাটেনি।
তীব্র শৈত্যপ্রবাহ
এক তীব্র শৈত্যপ্রবাহের কারণে সাম্প্রতিক সপ্তাহগুলিতে জাপান সাগরের উপকূলীয় এলাকায় এই ভারী তুষারপাত হয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ বা তার চেয়েও বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।
(Feed Source: zeenews.com)
