জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টলিপাড়ার আকাশে এখন এক নতুন উত্তেজনার পারদ। পঁচিশ বছরে পা দিল উইন্ডোজ প্রোডাকশন। আর এই রজতজয়ন্তী বর্ষেই দর্শকদের জন্য সেরা উপহার নিয়ে আসছেন পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গত বছরের ব্লকবাস্টার ‘বহুরূপী’-র রেশ ধরেই ঘোষিত হল এর পরবর্তী অধ্যায়— ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু
এই ছবির সবচেয়ে বড় চমক অভিনেতা যীশু সেনগুপ্ত। ‘পোস্ত’ ছবির প্রায় ৯ বছর পর ফের নন্দিতা-শিবপ্রসাদ জুটির পরিচালনায় ফিরছেন তিনি। ছবিতে তাঁর চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। যীশু কি নিজেই ‘গোল্ডেন ডাকু’? এই জল্পনায় এখন মশগুল ফিল্ম ইন্ডাস্ট্রি। যীশুর অন্তর্ভুক্তি ছবিটির প্রত্যাশাকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।
গল্পের মূল আকর্ষণ হিসেবে আগেরবারের মতোই থাকছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও কৌশানী মুখোপাধ্যায়। বিক্রম প্রামাণিক আর ঝিমলি ফিরছেন তাঁদের চেনা ছন্দে। তবে এবার ক্যানভাস আরও বড়। গল্পের শিকড় মিশে থাকবে বাংলার মাটির গভীরে। জানা গেছে, ছবিতে কলকাতার কোনো দৃশ্য থাকবে না। শুটিং হবে মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং বহুরূপীদের খাসতালুক লাভপুরের বিষয়পুরে।
ছবির সাফল্যের অন্যতম কারিগর মেকআপ শিল্পী পাপিয়া চন্দ ফিরছেন প্রসেথটিক্সের নতুন চমক নিয়ে। সংগীতেও থাকছে ননীচোরা দাস বাউল, শিলাজিৎ, অনুপম রায় এবং বনি চক্রবর্তীর সেই চেনা সুরের জাদু। চিত্রগ্রহণে অনিমেষ ঘড়ুই এবং সম্পাদনায় মলয় লাহা ছবির গুণগত মান ধরে রাখতে বদ্ধপরিকর।
পরিচালকদের মতে, এটি তাঁদের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি। তাই তাড়াহুড়ো না করে অত্যন্ত যত্ন নিয়ে চিত্রনাট্য সাজানো হয়েছে। আগামী মার্চ ও এপ্রিল মাস জুড়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলবে শুটিং। সব ঠিক থাকলে, ২০২৬-এর পুজোয় ‘দ্য গোল্ডেন ডাকু’ বড় পর্দায় ঝড় তুলতে প্রস্তুত।
(Feed Source: zeenews.com)
