ইতিহাসের মাত্র ১ রান আগে থামলেন সুদীপ, আউট ২৯৯-এ! মন ভাঙল বাংলার ক্রিকেটপ্রেমীদের

ইতিহাসের মাত্র ১ রান আগে থামলেন সুদীপ, আউট ২৯৯-এ! মন ভাঙল বাংলার ক্রিকেটপ্রেমীদের
কলকাতা: ইতিহাস গড়লেন। আবার অল্পের জন্য ইতিহাসে নাম লেখানো থেকে বঞ্চিতও হলেন সুদীপ কুমার ঘরামি।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে কার্যত একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন সুদীপ। নৈহাটির ক্রিকেটার কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অন্ধ্র প্রদেশের বিরুদ্ধে শেষ আটের ম্যাচে ২৯৯ রান করলেন। ক্রিকেটের ইতিহাসে তাঁরে আগে মাত্র দুজন ব্যাটার প্রথম শ্রেণির ম্যাচে ২৯৯ রানে আউট হয়েছেন। প্রথমজন, কিংবদন্তি মার্টিন ক্রো (Martin Crowe)। নিউজ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ১৯৯০-৯১ মরশুমে বেসিন রিজার্ভে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৯৯ রানে আউট হন। যা ক্রিকেটের ইতিহাসে বিখ্যাত হয়ে রয়েছে। তবে সেটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে। ঘরোয়া ক্রিকেটে এর আগে একবারই কোনও ব্যাটার ২৯৯ রানে আউট হয়েছেন। মাইক পাওয়েল। ২০০৬ সালে গ্ল্যামারগন বনাম গ্লস্টারশায়ার ম্যাচে ২৯৯ করে আউট হন তিনি।

সুদীপ কুমার ঘরামিও ট্রিপল সেঞ্চুরি থেকে মাত্র এক রান আগে থামলেন। শেখ রশিদের বল সামান্য নীচু হয়ে ভেঙে দিল সুদীপের স্টাম্প। ম্যাচের রং পাল্টে দিয়েও হতাশ ভঙ্গিতে ঘাড় নাড়তে নাড়তে মাঠ ছাড়লেন সুদীপ।

বাংলার তৃতীয় ব্যাটার হিসাবে ট্রিপল সেঞ্চুরি করার সুযোগ ছিল সুদীপের সামনে। দেবাঙ্গ গাঁধী ও মনোজ তিওয়ারি ছাড়া রঞ্জি ট্রফিতে বাংলার আর কেউই ত্রিশতরান করেননি। অল্পের জন্য সেই তালিকায় নাম উঠল না সুদীপের।

(Feed Source: abplive.com)