BJP Candidate Death: ভোটের ঠিক আগেই নিজেকে শেষ করে দিলেন বিজেপি প্রার্থী, হাড়হিম ঘটনায় হইচই…

BJP Candidate Death: ভোটের ঠিক আগেই নিজেকে শেষ করে দিলেন বিজেপি প্রার্থী, হাড়হিম ঘটনায় হইচই…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার পুরসভার ভোটগ্রহণ। তার ঠিক একদিন আগে মারাত্মক ঘটনা ঘটিয়ে ফেললেন বিজেপি প্রার্থী। মঙ্গলবার সকালে উদ্ধার হল বিজেপি প্রার্থীর মৃতদেহ। নাম এরুকালি মহাদেবাপ্পা(৪৬)। তেলঙ্গানার মাকতাল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপির টিকিটে লড়াই করছিলেন।

বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, স্থানীয় কংগ্রেস নেতা ও একজন মন্ত্রীর পক্ষ থেকে আসা অনবরত হুমকি ও মানসিক চাপের কারণে তিনি এই চরম পথ বেছে নিয়েছেন। পুলিস একটি মামলা দায়ের করেছে এবং মৃত্যুর সঠিক কারণ ও রাজনৈতিক চাপের অভিযোগটি খতিয়ে দেখছে।

এদিকে, দলের প্রার্থীর ওই মৃত্যুকে ঘিরে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির দাবি, কংগ্রেস ক্রমাগত হেনস্তা করছিল এরুকালিকে। বিজেপি সভাপতি এন রামচন্দ্র রাও এক বিবৃতিতে বলেছেন, আজ খুব ভোরে মাকতাল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি-র আদিবাসী প্রার্থী আত্মহত্যা করেছেন। স্থানীয় মন্ত্রী বীতি শ্রীহরির অনবরত হয়রানির কারণেই তিনি এই কাজ করতে বাধ্য হয়েছেন। গত বেশ কয়েকদিন ধরেই কংগ্রেস দলের নেতারা তাঁকে নানাভাবে হেনস্তা করছিলেন।

রাওয়ের দাবি, মহাদেবকে জোর করে কংগ্রেসে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল। কিন্তু তা সত্ত্বেও তিনি আসন্ন পুরসভা নির্বাচনে বিজেপির টিকিট পেতে সক্ষম হন। মহাদেবকে হেনস্তা করার দায়ে তেলেঙ্গানার পশুপালন মন্ত্রী বীতি শ্রীহরি এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন রাও। ওই ঘটনার প্রতিবাদে বিজেপি হায়দ্রাবাদে তেলেঙ্গানার ডিজি বি শিবধর রেড্ডির অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের পরিকল্পনা করছে।

মহাদেবের পরিবারের অভিযোগ, নির্বাচনের প্রচার চলাকালীন তাঁকে “আতঙ্কিত” করে রাখা হয়েছিল। এর জন্য তারা স্থানীয় কংগ্রেস নেতারা দায়ি। মন্ত্রী শ্রীহরি এবং তাঁর অনুগামীদের অনবরত হেনস্তাই মহাদেবকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে।

উল্লেখ্য, তেলেঙ্গানা পুরসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে ১১ ফেব্রুয়ারি এবং নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ১৩ ফেব্রুয়ারি।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯) 

(Feed Source: zeenews.com)