)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কারখানা থেকে বের করে পিটিয়ে মারা হয়েছিল ময়মনসিংহের যুবক দীপু চন্দ্র দাসকে। শুধু তাই নয় , দীপুর মৃতদেহ গাছে ঝুলিয়ে পুড়িয়ে দেয় জনতা। পুলিসের নাকের ডগায় ঘটা ওই ঘটনা রুখতে পারেনি পুলিস। রটিয়ে দেওয়া হয়েছিল, ইসলাম অবমাননাকর মন্তব্য করেছে দীপু। সেই ঘটনার পর এতদিনে হুঁশ হল ইউনূস সরকারের। কারণ শিয়রে কড়া নাড়ছে ভোট। এবারে সেই দীপুর পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশ সরকারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার পরামর্শে গত ২৩ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা ড সি আর আবরার ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহত দীপু দাসের বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি দীপু দাসের পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে সহমর্মিতা জানান। যেহেতু দীপু দাস পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন, সেহেতু তার পরিবারের বসবাসের জন্য একটি পাকা ঘর নির্মাণসহ পরিবারের সার্বিক সুরক্ষার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস সরকারের পক্ষ থেকে দেওয়া হয়।
সরকারের তরফে বলা হয়েছে, পরিবারের চাহিদা অনুযায়ী বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ টাকা দেওয়া হবে। পাশাপাশি নগদ আর্থিক সহায়তাও প্রদান করা হবে। সরকারের পক্ষ থেকে দীপু দাসের পিতা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে এবং তার সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ৫ লাখ টাকার একটি এফডিআর করা হবে।
এ প্রসঙ্গে মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার বলেন, ‘দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ। আমাদের সমাজে এর কোনও স্থান নেই। তার পরিবারেরকে সহায়তার যে প্রচেষ্টা সরকার করেছে তা একটি জীবনের তুলনায় কিছুই নয়। রাষ্ট্র নিশ্চয়ই সুবিচার নিশ্চিত করবে। সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে যেভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে তা পুরো জাতির জন্য লজ্জার। ন্যায় বিচারই কেবল এই লজ্জা থেকে আমাদের মুক্তি দিতে পারে। আমরা একটি রাষ্ট্র ও সমাজ হিসেবে সব ধর্ম, জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষের মতপ্রকাশের শান্তিপূর্ণ অধিকারকে সম্মান করি—যতক্ষণ তা অন্যের প্রতি সম্মান বজায় রেখে করা হয়। মতভেদ বা আপত্তির মুহূর্তেও কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার রাখে না।
উল্লেখ্য, ওই ঘটনায় সরাসরি জড়িত ১২ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এবং তদন্ত চলছে। শিক্ষা উপদেষ্টা বলেন, এই ঘটনায় যারা দায়ী, তাদের সবাইকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে।
(Feed Source: zeenews.com)
