একপেশে লড়াই হবে না, পরপর ২ ম্যাচ জিতে ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের ওপেনার

একপেশে লড়াই হবে না, পরপর ২ ম্যাচ জিতে ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের ওপেনার
কলম্বো: বহু নাটকের পর অনিশ্চয়তার মেঘ কেটেছে। টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে পাকিস্তান। ১৫ ফেব্রুয়ারি পূর্ব নির্ধারিত সূচি মেনেই কলম্বোর সিংহলিজ স্পোর্টস গ্রাউন্ডে হবে ভারত বনাম পাকিস্তান মহারণ। আর তারপরই ভারতীয় শিবিরকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের ক্রিকেটার শাহিবজাদা ফারহান (Sahibzada Farhan)। পাক ওপেনার টি-২০ বিশ্বকাপে দারুণ ছন্দে। পরপর দুই ম্যাচ জয়ের পরই ফারহান হুঙ্কার দিলেন, ভারতের বিরুদ্ধে তাঁদের ম্যাচ একপেশে হবে না।

টি-২০ বিশ্বকাপে পরপর দুই ম্যাচ জিতে অভিযান শুরু করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আমেরিকাকে হারিয়েছেন সলমন আলি আঘারা। সেই আমেরিকা, গতবার যারা পাকিস্তানকে হারিয়ে বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছিল। এবার আমেরিকাকে দাঁড়াতে দেয়নি পাকিস্তান।

সম্প্রতি ক্রিকেট মাঠে ভারত বনাম পাকিস্তান মানেই একপেশে লড়াই হয়েছে। ভারতের পাল্লা ভারী থেকেছে। টি-২০ ফর্ম্যাটে শেষ তিনবারের সাক্ষাতে তিনবারই জিতেছে ভারত। যার মধ্যে রয়েছে এশিয়া কাপের ফাইনালও। সব ফর্ম্যাট ধরলে, শেষ ১০ বারের সাক্ষাতে ভারত জিতেছে ৮ ম্যাচে। পাকিস্তান জিতেছে একটিমাত্র ম্যাচ। ২০২২ সালে। এক ম্যাচের কোনও ফল হয়নি।

গত এশিয়া কাপের সময় ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব খোঁচা দিয়েছিলেন যে, ভারত-পাকিস্তান ম্যাচ আর সেরা দ্বৈরথ নয়। কারণ, লড়াই ভীষণই একপেশে। পরে সেই কথারই প্রতিফলন শোনা যায় তিলক বর্মা ও অন্য অনেক প্রাক্তন ক্রিকেটারের মুখে। টি-২০ বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় কী হবে?

আমেরিকাকে হারানোর পর চড়া সুরে ফারহান বলেছেন, ‘গত এশিয়া কাপে যেরকম খেলেছিলাম, তা মোটেও একপেশে ছিল না। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছিলাম। শেষ লগ্ন পর্যন্ত একতরফা ম্যাচ হয়নি। আশা করছি এবারও তা হবে না আর দারুণ একটা ম্যাচ খেলব আমরা।’

ভারতের বিরুদ্ধে শাহিবজাদা ফারহানের ঈর্ষণীয় রেকর্ড। ৩ ম্যাচে করেছেন ১৫৫ রান। যার মধ্যে রয়েছে জোড়া হাফসেঞ্চুরি। ৫১.৬৭ গড়ে রান করেছেন। যশপ্রীত বুমরা সহ ভারতীয় বোলিং আক্রমণকে দারুণভাবে সামলানোর অভিজ্ঞতা রয়েছে।

তবে ভারতের বিরুদ্ধে ম্যাচ আলাদা কিছু নয়, বরং আর পাঁচটা ম্যাচের মতোই, জানিয়েছেন ফারহান। বলেছেন, ‘রান করলে আত্মবিশ্বাস বাড়ে। আমিও ভীষণ আত্মবিশ্বাসী। শেষ দুটো ইনিংস দারুণ গিয়েছে। ভারতের বিরুদ্ধে ম্যাচ সাধারণ আর একটা ম্যাচ। আমরা সেভাবেই খেলব। আমরা এটা ভেবে নামব না যে, এটা ভারত বনাম পাকিস্তান ম্যাচ। আণরা আর পাঁচটা ম্যাচ হিসাবেই খেলব।’

(Feed Source: abplive.com)