
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশের বেনারসের একটি হোটেলে এক ভাই ও বোনের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার হোটেলের বন্ধ ঘর থেকে দুইজনের দেহ উদ্ধার করে পুলিস। মৃতরা হায়দরাবাদের বাসিন্দা ৪৬ বছর বয়সী গণেশ গৌড় এবং ৩৮ বছর বয়সী ধনলক্ষ্মী। পুলিস জানিয়েছে, দুই মৃতদেহের মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল এবং ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে ছিল প্রচুর ওষুধের খালি প্যাকেট।
পুলিস সূত্রে খবর, গত তিন দিন আগে বেনারসের একটি হোটেলে উঠেছিলেন ওই ভাই-বোন। হোটেল কর্তৃপক্ষের দাবি, তারা গত দুদিন ধরে ঘর থেকে প্রায় বের হননি। মঙ্গলবার তাদের হোটেল ছাড়ার কথা থাকলেও বারবার ফোন করে কোনও সাড়া পাওয়া যাচ্ছিল না। সন্দেহ হওয়ায় হোটেল কর্তৃপক্ষ পুলিসে খবর দেয়। পুলিস এসে ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে দেখে, দুজনেই মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছেন।
তল্লাশির সময় পুলিস ওই ঘর থেকে তাদের আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট এবং একটি ল্যাপটপ উদ্ধার করে। এছাড়াও তাদের ব্যাগ থেকে ৬ লক্ষ ৬১ হাজার টাকা নগদ পাওয়া গিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিস ধারণা করছে, বিষক্রিয়ার কারণেই তাদের মৃত্যু হয়েছে। তবে ঘরের ভেতর কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি।

ডেপুটি কমিশনার গৌরব বনসল জানান, ‘প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। ঘরে জোর করে ঢোকার কোনো চিহ্ন মেলেনি। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’ বর্তমানে পুলিস হোটেলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং হায়দরাবাদে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, চলতি মাসেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদে তিন নাবালিকা বোন একসঙ্গে আত্মহত্যার পথ বেছে নেয়। যা গোটা দেশে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, কোরিয়ান গেমের তীব্র আসক্তির জেরে এই চরম পদক্ষেপ নেয় তারা। ফ্ল্যাটের নয়তলা থেকে তারা ঝাঁপ দেয়। নাবালিকাদের ঘর থেকে পুলিস আট পাতার সুইসাইড নোটও উদ্ধার করে। সেখানে একটি বড় কান্নার ইমোজি দিয়ে লেখা, ‘সরি পাপা, আমরা কোরিয়া ছেড়ে যেতে পারি না। কোরিয়া আমাদের জীবন। তুমি আমাদের এই গেম ছাড়াতে পারবে না। আমরা আমাদের জীবন শেষ করে দিচ্ছি। ‘ ডায়েরিতে তারা আরও লিখেছে, ‘এই ডায়েরিতে যা লেখা আছে সব সত্যি। আমাদের ৫০টি টাস্ক দেওয়া হয়েছিল, গতকাল ছিল শেষ টাস্ক। আমাদের কোনও ধারণা ছিল না।’
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
২৪x৭ টোল-ফ্রি মানসিক স্বাস্থ্য পুনর্বাসন হেল্পলাইন– কিরণ (১৮০০-৫৯৯-০০১৯)
(Feed Source: zeenews.com)
