
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় চূড়ান্ত সমস্যায় পড়েছেন বলিউডের অভিনেতা রাজপাল যাদব। তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন তিনি। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই বলিউডের একের পর এক অভিনেতা এবং আরও অনেকেই রাজপাল যাদবের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন অভিনেতার স্ত্রী রাধা যাদব। সংবাদ সংস্থা পিটিআই- কে দেওয়া সাক্ষাৎকারে রাধা বলেছেন, ‘সবাই ওর পাশে রয়েছে। ইন্ডাস্ট্রিও পাশে রয়েছে। যাঁরা সাহায্যের জন্য এগিয়ে এসেছেন, তাঁদের অসংখ্য ধন্যবাদ।’
প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি হাই কোর্টে অভিনেতা আর্জি জানিয়েছিলেন যাতে তাঁকে টাকা মেটানোর জন্য আরও সময় দেওয়া হয়নি। তবে রাজপাল যাদবের এই আবেদন মঞ্জুর হয়নি। এরপরই তিহাড় জেলে আত্মসমর্পণ করেন অভিনেতা। চেক বাউন্স মামলায় প্রায় ৯ কোটি টাকা দিতে হবে রাজপাল যাদবকে, এমনটাই জানা গিয়েছে। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঋণ নিয়ে একটি সিনেমা তৈরি করেছিলেন প্রায় ১ দশক আগে। সেই সিনেমা তৈরি হয়ে মুক্তি পেলেও, অভিনেতা এখনও পর্যন্ত টাকা ফেরত দিতে পারেননি। সময়ের সঙ্গে সঙ্গে, এই টাকার পরিমাণ বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ৯ কোটি টাকা।
ইতিমধ্যেই বলিউডের অনেকেই রাজপাল যাদবকে আর্থিক সহায়তা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। জানা গিয়েছে, সলমন খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, তাঁর বাবা চিত্র পরিচালক ডেভিড ধাওয়ান আর্থিক সাহায্য দিয়েছেন অভিনেতাকে। রাজপাল যাদবের ম্যানেজারের তরফেও নিশ্চিত করে জানানো হয়েছে, মানুষ সাহায্যের জন্য উদ্যোগ নিচ্ছেন। অনেকেই পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, শুধু আর্থিক ভাবে নয়, সবরকম ভাবেই। সলমন খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান ফোন করেও খোঁজ নিয়েছেন বলে খবর। ওরা সকলেই রাজপাল সাদবের শুভাকাঙ্খী বলে জানিয়েছেন তাঁর ম্যানেজার। তিনি আরও জানিয়েছেন, আগামীকাল জামিনের আবেদনের শুনানি রয়েছে। সব ঠিক থাকলে সাংবাদিক বৈঠক করা হবে।
২০১০ সালে M/s Murali Projects Pvt Ltd – এর থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল যাদব। তৈরি করেছিলেন Ata Pata Laapata – এই ছবিটি। এটিই ছিল পরিচালক হিসেবে রাজপাল যাদবের প্রথম ছবি। বক্স অফিসে সফল হয়নি রাজপাল যাদব পরিচালিত প্রথম ছবিটি। আত্মসমর্পণের আগে Bollywood Hungama – কে দেওয়া এক সাক্ষাৎকার অভিনেতা জানিয়েছিলেন, ঋণ মেটানোর মতো টাকা তাঁর কাছে নেই, বা এমন কোনও জিনিস নেই যার মাধ্যমে তিনি টাকা মেটাতে পারবেন।
(Feed Source: abplive.com)
