‘রাজপালের বাড়ি ছিল লঙ্গর, যে কেউ এসে খেতে পারত’, বন্ধুকে নিয়ে আর কী বললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি

‘রাজপালের বাড়ি ছিল লঙ্গর, যে কেউ এসে খেতে পারত’, বন্ধুকে নিয়ে আর কী বললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় তিহাড় জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেছেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। দীর্ঘ সময় ধরে চলছিল এই মামলা। ঋণ মেটাতে না পারার অভিযোগ উঠেছে অভিনেতার নামে। ঋণের পরিমাণও আকাশছোঁয়া, প্রায় ৯ কোটি টাকা। ইতিমধ্যেই বলিউডের অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর্থিক সাহায্যের পাশাপাশি কাজের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন বি-টাউনের অনেকেই। আর এইসবের মধ্যেই একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকি কথা বলেছেন রাজপাল যাদবের উদারতা প্রসঙ্গে।

জনপ্রিয় শো ‘দ্য লাল্লনটপ’, সেখানেই অতিথি হয়ে এসেছিলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। অভিনেতা ওই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাজপাল যাদবের সেই সমস্ত গুণের কথা, যা অনেকেই এই ভিডিও ভাইরাল হওয়ার আগে হয়তো জানতেনও না। নওয়াজ বলেন, বলিউডে স্ট্রাগল করতে আসা অনেক অভিনেতাই একটা সময় দৈনন্দিন জীবন কাটানোর ন্যূনতম জিনিসগুলির জন্য রাজপাল যাদবের উপর নির্ভরশীল ছিলেন। নওয়াজউদ্দিন সিদ্দিকির কথায়, ‘রাজপাল যখন ভাল কাজ করছিল, কত লোক রোজ ওর বাড়িতে খাবার খেত। কখনও কোনও অভিযোগ করেনি রাজপাল। সবসময় মানুষকে সাহায্য করত ও। শুধু আমি নয়, যখন অনেক অভিনেতাই স্ট্রাগল করছে, তখন রাজপালের বাড়ি ছিল লঙ্গরের মতো। যে কেউ যেতে পারত সেখানে। খাবার খেতে পারত। এমনিতে খুব মজা করে ও, কিন্তু বাস্তবে রাজপাল ভীষণ অনুভূতিপ্রবণ মানুষ।’

রাজপাল যাদব এবং নওয়াজউদ্দিন সিদ্দিকির বন্ধুত্ব তাঁরা বলিউডের পরিচিত মুখ হয়ে ওঠার অনেক আগে থেকেই শুরু হয়েছে। একসঙ্গে দু’জনে প্রশিক্ষণ নিয়েছিলেন লখনউয়ের ভারতেন্দু নাট্য অ্যাকাডেমিতে। এরপর ২ জন একসঙ্গেই যোগ দেন নয়া দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে।

প্রসঙ্গত উল্লেখ্য, দিল্লি হাই কোর্টে অভিনেতা আর্জি জানিয়েছিলেন যাতে তাঁকে টাকা মেটানোর জন্য আরও সময় দেওয়া হয়নি। তবে রাজপাল যাদবের এই আবেদন মঞ্জুর হয়নি। এরপরই তিহাড় জেলে আত্মসমর্পণ করেন অভিনেতা। চেক বাউন্স মামলায় প্রায় ৯ কোটি টাকা দিতে হবে রাজপাল যাদবকে, এমনটাই জানা গিয়েছে। অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি ঋণ নিয়ে একটি সিনেমা তৈরি করেছিলেন প্রায় ১ দশক আগে। সেই সিনেমা তৈরি হয়ে মুক্তি পেলেও, অভিনেতা এখনও পর্যন্ত টাকা ফেরত দিতে পারেননি। সময়ের সঙ্গে সঙ্গে, এই টাকার পরিমাণ বর্তমানে গিয়ে দাঁড়িয়েছে ৯ কোটি টাকা।

    (Feed Source: abplive.com)