পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিন সম্বলিত ভারতের মানচিত্র প্রকাশ করেও সরিয়ে নিল আমেরিকা

পাক অধিকৃত কাশ্মীর, আকসাই চিন সম্বলিত ভারতের মানচিত্র প্রকাশ করেও সরিয়ে নিল আমেরিকা
নয়াদিল্লি: পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিন সম্বলিত ভারেতর পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করেও তুলে নিল আমেরিকা। আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দফতরের X হ্যান্ডল থেকে মুছে দেওয়া হল মানচিত্রটি। হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন, তা খোলসা করা হয়নি এখনও পর্যন্ত। (Pakistan Occupied Kashmir)

ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার পর USTR-এর তরফে ভারতের যে মানচিত্র প্রকাশ করা হয়, তাতে পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিনকে ভারতের অংশ বলে দেখানো হয়, যা পাকিস্তান এবং চিন বেআইনি ভাবে দখল করে রেখেছে। (US India Relations)

গত ৭ ফেব্রুয়ারি ওই মানচিত্রটি পোস্ট করা হয়, যাতে শোরগোল পড়ে যায় সর্বত্র। পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিন ভারতের বলে কি তাহলে মেনে নিল আমেরিকা, তা নিয়ে শুরু হয় জল্পনা। আগে ওই দুই অঞ্চল বরাবর বিতর্কিত বলেই চিহ্নিত হতো। আমেরিকার তরফে মানচিত্র দেখানোর সময় পাক অধিকৃত কাশ্মীর এবং আকসাই চিনকে সূক্ষ্ম রেখাদ্বারা পৃথক করা থাকত, যাতে বোঝা যায় ওই দুই অঞ্চল বিতর্কিত।  নতুন মানচিত্রটিতে তেমন কোনও রেখা ছিল না। তাই আমেরিকা নিজের অবস্থান বদল করল কি না গুঞ্জন শুরু হয়। কিন্তু ওই মানচিত্র শেষ পর্যন্ত মুছেই দেওয়া হল।

সমগ্র জম্মু ও কাশ্মীর এবং লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ বলে বরাবর দাবি করে আসছে ভারত। এব্যাপারে তৃতীয় কোনও দেশের স্বীকৃতির পরোয়াও ছিল না কখনও। তবে আমেরিকার তরফে প্রকাশিত পূর্ণাঙ্গ মানচিত্রটি দেখে ভারতের হাত শক্ত হল বলে মনে করেছিলেন অনেকেই। 

দীর্ঘ টানাপোড়েনের পর অতি সম্প্রতি বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়েছে ভারত এবং আমেরিকার মধ্যে। ভারতের উপর বসানো শুল্কশাস্তিও একধাক্কায় কমিয়ে ৫০ থেকে ১৮ শতাংশে নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যদিও ওই চুক্তি নিয়ে বিতর্কও রয়েছে। আমেরিকার নির্দেশ মেনে কেন রাশিয়ার পরিবর্তে ভেনিজুয়েলা থেকে তেল কিনতে রাজি হল দিল্লি, কেন আমেরিকার কৃষিপণ্য ভারতে ঢুকবে,  প্রশ্ন উঠছে দেশের অন্দরেই।

(Feed Source: abplive.com)