ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, তুলকালাম জলপাইগুড়িতে

ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু, গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে, তুলকালাম জলপাইগুড়িতে
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি : ট্রাকের ধাক্কায় তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতার মৃত্যু। সেই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ির গোশালা মোড় এলাকা। ক্ষুব্ধ জনতা পুলিশের ২টি গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। SP-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রাতে মেয়েকে টিউশন থেকে নিয়ে বাইকে বাড়ি ফিরছিলেন তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা লুৎফর রহমান। রাত সাড়ে ১০টা নাগাদ একটি ট্রাক বাইকের পিছনে ধাক্কা মারে। তৃণমূল নেতার মেয়ে বাইক থেকে পড়ে গেলেও, ট্রাকটি বাইক সহ বাবা ও মেয়েকে বেশ কিছুটা দূর পর্যন্ত ছেঁচড়ে নিয়ে যায় বলে অভিযোগ। অসম মোড় এলাকায় স্থানীয়রা ট্রাকটি আটকে দেয়। হাসপাতালে নিয়ে গেলে জলপাইগুড়ি সদর ২-এর তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি লুৎফর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। গুরুতর জখম তাঁর ১৪ বছরের মেয়ে। রাত ৮টার পর এলাকায় কোনও ট্রাফিক থাকে না, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। পুলিশ বিক্ষোভ তুলতে গেলে পরিস্থিতি আরও তেতে ওঠে। ঘটনায় অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করেছে তৃণমূল।

বাইকে ট্রাকের ধাক্কায় তৃণমূল নেতার মৃত্যু। তাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল জলপাইগুড়ি শহরে। ভাঙচুর চালিয়ে উল্টে দেওয়া হল পুলিশের গাড়ি। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল পুলিশের গাড়ির কাচ। ভাঙচুরের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ট্রাক চালককে। রাতের রাস্তায় ট্রাকের ধাক্কায় তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতার মৃত্যু। সেই ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল জলপাইগুড়ি শহরের গোশালা মোড় এলাকা। পুলিশের ২টি গাড়িতে ব্যাপক ভাঙচুর। এমনই তার তীব্রতা যে পুলিশের গাড়িতে কাচ বলে আর কিছু অবশিষ্ট নেই। এমনকি ভাঙচুরের পর রাস্তায় উল্টে দেওয়া হয় পুলিশের একটি গাড়ি। পুলিশকর্মীদেরই হাত লাগিয়ে তা সোজা করতে হয়। চারদিকে ছড়িয়ে পাথরের টুকরো, কংক্রিটের চাই। রাতের রাজপথে তাণ্ডবের ছবি একেবারে স্পষ্ট।

মঙ্গলবার রাতে দুর্ঘটনার খবর চাউর হতেই স্থানীয়দের অনেকে রাস্তায় নেমে আসেন। গোশালা মোড় লাগোয়া কলেজ মোড়ে পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয়। রাত ৮টার পর এলাকায় কোনও ট্রাফিক থাকে না, এই অভিযোগ তুলে চলতে থাকে বিক্ষোভ। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আরও তেতে ওঠে। ২৭ নম্বর জাতীয় সড়কে যান চলাচল কিছুক্ষণের জন্য সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত বিক্ষোভকারীদের এলাকাছাড়া করে পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ট্রাক চালককে।

(Feed Source: abplive.com)