সূর্যকুমারই হয়ে গেলেন পাকিস্তানের বিস্ময় স্পিনার! টি-২০ বিশ্বকাপের আগে অভিনব মহড়া ভারতের

সূর্যকুমারই হয়ে গেলেন পাকিস্তানের বিস্ময় স্পিনার! টি-২০ বিশ্বকাপের আগে অভিনব মহড়া ভারতের
কলম্বো: তিনি ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছেন । এমনই যে, ভারতীয় দলে তাঁকে নিয়ে চর্চা তো চলছেই, সেই সঙ্গে তাঁকে সামলানোর অঙ্ক সাজানোও তৈরি করছে টিম ইন্ডিয়া । স্বয়ং ভারত অধিনায়ক প্র্যাক্টিসের তাঁকে অনুকরণ করে বোলিং করে সাড়া ফেলে দিলেন ।

উসমান তারিক । পাকিস্তানের অফস্পিনারের অদ্ভুত অ্যাকশন হইচই ফেলে দিয়েছে । তাঁকে সামলাতে হিমশিম খাচ্ছেন ব্যাটাররা । আর অশ্বিন থেকে শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়, তাঁকে নিয়েই আলোচনা করছেন । তাঁর বিরুদ্ধে ভারতীয়দের অনুশীলন যেন ঠিকমতো হয়, তা নিশ্চিত করতে সূর্যকুমার ভারতের নেটে শনিবার তাঁর অ্যাকশন নকল করে বোলিং করলেন । ঈশান কিষাণরা সূর্যকুমারের বল খেলেই খেলেই তারিককে সামলানোর প্রস্তুতি সারলেন ।

উসমান তারিক । টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) যাঁকে সেরা বিস্ময় বলা হচ্ছে । যাঁর বোলিং অ্যাকশন ঘিরে বিতর্কের ঝড় । বল করার আগে যেভাবে থেমে যান, বল হোল্ড করে তারপর রিলিজ করেন, তা বৈধ কি না, এ নিয়ে ক্রিকেট বিশ্ব দুভাগে ভাগ হয়ে গিয়েছে ।

তারিকের বোলিং অ্যাকশন নিয়ে যাবতীয় জলঘোলা উড়িয়ে দিলেন পাক অধিনায়ক । সলমন আলি আঘা (Salman Ali Agha) জানিয়ে দিলেন, আইসিসি উসমান তারিকের বোলিং অ্যাকশনকে বৈধতা দিয়েছে । এ নিয়ে চর্চা তাই অর্থহীন!

কলম্বোয় ভারত ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে সলমন বলেছেন, ‘আইসিসি ওর অ্যাকশন দুবার পরীক্ষা করে ছাড়পত্র দিয়েছে । এত কথা কী নিয়ে হচ্ছে আমি জানি না । যাই হোক ও এসব নিয়ে চিন্তিত নয় । খেলা শুরু করার পর থেকে এসব দেখে আসছে । ওর অ্যাকশন নিয়ে কথা হচ্ছে । ও অভ্যস্ত হয়ে গিয়েছে ।’

পাকিস্তানের বোলিং যে শুধু তারিক-নির্ভর নয়, সেটাও সাফ জানিয়ে দিয়েছেন সলমন । বলেছেন, ‘আমাদের কাছে সব ক্রিকেটার সমান । আপনারা উসমান তারিককে এত বড় করে দেখিয়েছেন । ও ভাল বল করছে । আপনারা চাইলে ওকে ট্রাম্প কার্ড বলতেই পারেন ।’

(Feed Source: abplive.com)