
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের (Former Pakistan Prime Minister Imran Khan) ডান চোখের দৃষ্টিশক্তির অন্তত ‘৮৫’ শতাংশই নষ্ট হয়ে গিয়েছে। মাত্র ‘১৫ শতাংশ’ অবশিষ্ট (devastating loss of eyesight) আছে। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) তরফে আদালতে এই তথ্য পেশ করার পরে তাঁর চোখ পরীক্ষা করতে মেডিক্যাল টিম গঠনের নির্দেশ দিয়েছেন পাক সুপ্রিম কোর্ট। একই সঙ্গে তাঁকে সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। আগামী সোমবারের, ১৬ ফেব্রুয়ারির মধ্যেই এ দুটি নির্দেশ কার্যকর করতে বলেছে আদালত।
বন্দীকে চিকিৎসাসুবিধা
পাকিস্তানের প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি ও বিচারপতি শাহিদ বিলাল হাসানের গঠিত দুই সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরানের বসবাসের পরিবেশসংক্রান্ত মামলার শুনানিতে মেডিক্যাল বোর্ড গঠনের এই নির্দেশ দেয়। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, ইমরানের স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং এ ক্ষেত্রে হস্তক্ষেপ করা প্রয়োজন। অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান আদালতকে জানান, বন্দীকে চিকিৎসাসুবিধা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। বন্দী সন্তুষ্ট না হলে রাষ্ট্র প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রসঙ্গত, আদালতে পিটিআইয়ের আইনজীবী সালমান সাফদার ইমরানের শারীরিক অবস্থা নিয়ে সাত পৃষ্ঠার একটি প্রতিবেদন উপস্থাপন করেন।
অন্ধ ইমরান?
জানা গিয়েছে, তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি ১৫ শতাংশে নেমে এসেছে। তিন থেকে চার মাস আগে, অর্থাৎ গত অক্টোবর পর্যন্ত তাঁর দুই চোখে স্বাভাবিক ৬/৬ দৃষ্টিশক্তি ছিল। পরে তা ঝাপসা হওয়া শুরু হয়। কারা কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ইমরান খান। হঠাৎ ডান চোখের দৃষ্টি পুরোপুরি চলে গেলে ইমরান খানকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (পিআইএমএস) ভর্তি করা হয়। সেখানে চক্ষুবিশেষজ্ঞ তাঁর চোখ পরীক্ষা করেন। রক্ত জমাট বাঁধার কারণে তাঁর ডান চোখ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। চিকিৎসার অংশ হিসেবে ইনজেকশন দেওয়া হলেও তাঁর দৃষ্টি ফেরেনি বলে দাবি ইমরানের।
ইমরানের চোখে জল?
আদালতে তাঁর পক্ষের আইনজীবী বলেন, সাক্ষাতের সময় ইমরান দৃশ্যত মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁর চোখে জল ছিল এবং তিনি বারবার টিস্যু ব্যবহার করছিলেন। নিয়মিত রক্ত পরীক্ষা হয়নি বলেও অভিযোগও তোলেন তিনি। ব্যক্তিগত চিকিৎসকদেরও সম্প্রতি তাঁর কাছে যেতে দেওয়া হয়নি বলে জানান ইমরান।
ইমরানের চক্ষু-সংবাদ
ইমরানের ডান চোখে সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন ধরা পড়েছে। গত ২৪ জানুয়ারি রাতে হাসপাতালে তাঁকে অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন দেওয়া হয়। অস্ত্রোপচার কক্ষে ২০ মিনিটের ওই প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয় বলে জানা গিয়েছে।
(Feed Source: zeenews.com)
