IND vs PAK: কলম্বোয় ধেয়ে এল সাইক্লোন ঈশান! খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান, কলার তুলে সুপার এইটে ভারত…

IND vs PAK: কলম্বোয় ধেয়ে এল সাইক্লোন ঈশান! খড়কুটোর মতো উড়ে গেল পাকিস্তান, কলার তুলে সুপার এইটে ভারত…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-২০ বিশ্বকাপে ফের ‘মাদার অফ অল ব্যাটল’! আইসিসি-র শো-পিস ইভেন্টে যাঁরা হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচের (India vs Pakistan T20 World Cup 2026) আশায় বুক বেঁধেছিলেন, তাঁদের ফের হতাশ হতে হল। খেলা তো হল ঠিক তবে ব্যাটলের কোনও গন্ধটুকুও থাকল না। বিশ্বের ১ নম্বর টি-২০ দল আবার একবার বিশ্বকাপের আসরে পাকিস্তানকে ফেলে পিষল। যা ভারতের কাছে এখন রুটিনমাফিক অভ্যাস।

সাইক্লোন ঈশান

বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া এক বিপরীত ঘূর্ণাবর্তের জেরে আন্দামান এবং শ্রীলঙ্কা উপকূলের বিস্তীর্ণ অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস ছিল খেলার আগে। এমনকী ভারত-পাক ম্যাচ ধুয়ে যাবে বলেই মনে করা হয়েছিল। তবে তেমন কিছুই হয়নি। উল্টে যে পূর্বাভাস ছিল না, সেটাই ঘটে গেল রবিবার। কলম্বোয় ধেয়ে এল সাইক্লোন ঈশান কিষান (Ishan Kishan)। আর তাতেই পাকিস্তান খড়কুটোর মতো উড়ে গেল। সূর্যকুমার যাদবরা টস হেরে প্রথমে ব্যাট করে তুলেছিলেন ৭ উইকেটে ১৭৫ রান। সেই রান তাড়া করে পাকিস্তান ১৮ ওভারে ১২০ রানে গুটিয়ে গেল। ভারত ৬১ রানে পাকিস্তানকে হারিয়ে চলে গেল বিশ্বকাপের সুপার এইটে। জয়ের হ্যাটট্রিক করে ৬ পয়েন্ট পেয়ে গ্রুপ ‘এ’-তে মগডালে টিম ইন্ডিয়া।

ভারতের ইনিংস

ভারতের ইনিংস বলতে শুধু একটাই নাম- ঈশান! পুরো দলের রান যেখানে ১৭৫, সেখানে পটনার ২৭ বছরের বিস্ফোরক ব্যাটারের একারই ৭৭! (৪০ বলে ১০ চার ও ৩ ছয়ে)। ঈশানের সঙ্গে ওপেন করতে নামা অভিষেক শর্মা ৪ বল খেলে গোল্লা পান! যিনি ত্রাস হতে পারতেন, তিনিই আজ সুপারফ্লপ। তিনে তিলক ভার্মা (২৪ বলে ২৫), চারে সূর্যকুমার যাদব (২৯ বলে ৩২) ও পাঁচে শিবম দুবে (১৭ বলে ২৭) কিছুটা রান না করলে ভারত কিন্তু ১৫০ প্লাস স্কোর করতে পারত না। সাতে নামা রিঙ্কু সিংয়ের ৪ বলে ঝোড়ো ১১ রানের ইনিংসও কাজে লেগেছে এদিন। তবে আইসিসি ইভেন্টে বিশেষত বড় ম্যাচে, যে হার্দিক পাণ্ডিয়া গ্রেট থেকে গ্রেটেস্ট হয়ে ওঠেন, তিনি কিন্তু আজ রীতিমতো অবিবেচকের মতো উড়িয়ে খেলতে গিয়ে প্রথম বলেই ক্যাচ তুলে দিলেন। তাঁর থেকে এমন ব্যাট একেবারেই কাঙ্খিত নয়। ঈশানের তাণ্ডব দেখে মনে হচ্ছিল যে, ভারত এদিন সম্ভবত হেসে খেলে ২০০ থেকে ২২০ রান করে ফেলবে। যেভাবে ওভার পিছু স্ট্রাইক রেট ছিল। কিন্তু প্রশংসা করতে হবে পাকিস্তানের স্পিনারদের, তাঁরা কিন্তু ভারতের রানের গতিতে রীতিমতো রাশ টেনে দিয়েছিলেন। পেসার বলতে ছিলেন শুধুই শাহিন শাহ আফ্রিদি। বাকি সকলেই বোলিং আক্রমণে স্পিনার। সাইম আয়ুব একাই তুলে নিন ৩ উইকেট। সলমান ও উসমান তারিক পান একটি করে উইকেট। শাহিন পেয়েছেন এক উইকেট। তবে পাকিস্তানের বিচিত্র বোলার তারিককে ভারত মোটেই ডি-কোড করতে পারেনি। সূর্য-শিবমরা রীতিমতো তাঁর বলে ঠুকঠুক করেছেন। তারিক ৪ ওভারে দিয়েছেন মাত্র ২৪ রান।

পাকিস্তানের ইনিংস

ভারতের ১৭৫ রান যে পাকিস্তানের কাছে এই স্পিন সহায়ক পিচে পাহাড় প্রমাণ হতে চলেছে, তা বুঝতে ক্রিকেট বিশেষজ্ঞ না হলেও চলত। প্রথম ওভার থেকেই উইকেট হারানোর রাস্তাই বেছে নিয়েছিল পাকিস্তান টিম। ভারতের স্পিন-পেসের যুগলবন্দিতে শয়তান দেশ কলম্বোতে একপ্রকার আত্মসমর্পণই করল ব্যাট করতে নেমে। পাঁচে নামা উসমান খান দলের সর্বাধিক স্কোরার। ৩৪ বলে তিনি ৪৪ করেছেন। এরপর থাকবেন শাহিন। যিনি ১৯ বলে ২৩ করেন। ছয়ে নেমে শাহদাব খান ১৫ বলে ১৪ রান করেছিলেন। দলে এই তিনজনই দুই অঙ্কের রান করেছেন। বাকি ৮ জন নিজেদের রান ১০-এর ভিতরেই রেখেছিলেন। ভারতের দুই পেসার জসপ্রীত বুমরা ও হার্দিক পাণ্ডিয়া দুই উইকেট করে নিয়েছেন। স্পিনারদের মধ্যে অক্ষর-বরুণ পেয়েছেন দুই উইকেট করে। কুলদীপ-তিলক নিয়েছেন এক উইকেট। সুপার এইট ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা। সুপার এইট পর্বের খেলাগুলি আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে

(Feed Source: zeenews.com)