
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাজা উপত্যকার বিভিন্ন স্থানে রবিবার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ১১ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তাঁর নবগঠিত শান্তি পর্ষদের সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে ৫০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
যুদ্ধবিরতি চুক্তি
গতকাল রবিবার গাজায় হওয়া হামলার ঘটনাগুলিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া তথাকথিত যুদ্ধবিরতি চুক্তির সর্বশেষ লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। এই যুদ্ধবিরতি গত ১০ অক্টোবর থেকে কার্যকর হয়েছিল। গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরে বাস্তুচ্যুত প্যালেস্টাইনিদের আশ্রয় নেওয়া তাঁবুগুলি লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে অন্তত পাঁচজন নিহত হন।
দক্ষিণের খান ইউনিস এলাকাতেও ইসরায়েলি হামলায় আরও পাঁচজন নিহত হয়েছেন।
হামাসের নিন্দা
হামাসের মুখপাত্র এই সর্বশেষ ইসরায়েলি হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন, এসব রক্তাক্ত পরিস্থিতি তৈরির চেষ্টা। গাজায় শান্তি প্রতিষ্ঠার সংশ্লিষ্ট সব প্রচেষ্টাকে অকেজো প্রমাণ করার বার্তা। সব পক্ষ যখন যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার প্রয়োজনীয়তার কথা বলছে, তখনও এই দখলদার শক্তি তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে।
চাপানউতোর
গাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য বলছে, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েল অন্তত ৬০১ জন প্যালেস্টাইনিকে হত্যা করেছে এবং আরও ১৬০৭ জনকে আহত করেছে। গাজার সরকারি গণমাধ্যম শাখাও বলেছে, ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অন্তত ১৬২০টি ঘটনা ঘটিয়েছে ইসরায়েল। এদিকে হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে ইসরায়েল। তাদের দাবি, এতে চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
শান্তি পর্ষদ
সাম্প্রতিক হামলাগুলির মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আগামী বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে তাঁর নবগঠিত বোর্ড অব পিস বা শান্তি পর্ষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, বোর্ডের সদস্যরা যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে ৫০০ কোটি ডলারের বেশি টাকা দেওয়ার অঙ্গীকার করেছেন। আমেরিকা বিভিন্ন দেশকে শান্তি পর্ষদে যোগ দিতে ১০০ কোটি ডলার করে দেওয়ার আহ্বান জানিয়েছিল। ইতিমধ্যে পাঁচটি দেশ এই প্রতিশ্রুতি দিয়েছে। শান্তি পর্ষদের ২০ সদস্যের মধ্যে কতজন প্রথম বৈঠকে অংশ নেবেন, তা অবশ্য ট্রাম্প স্পষ্ট করে বলেননি।
(Feed Source: zeenews.com)
