Meerra Chopraa Slams Air India: ‘এয়ার ইন্ডিয়ার স্টাফের হাতে চরম নির্যাতন ও হেনস্থার শিকার’, বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরার…

Meerra Chopraa Slams Air India: ‘এয়ার ইন্ডিয়ার স্টাফের হাতে চরম নির্যাতন ও হেনস্থার শিকার’, বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কা চোপড়ার বোন মীরার…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়ার খুড়তুতো বোন তথা অভিনেত্রী মীরা চোপড়ার বিমান সফর ঘিরে তৈরি হল চরম বিতর্ক। সোমবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। বিমানবন্দরে উপস্থিত থাকা সত্ত্বেও শুধুমাত্র কর্তৃপক্ষের গাফিলতিতে বিমান মিস করার অভিযোগ তুলেছেন অভিনেত্রী।

মীরা জানান, গেট পরিবর্তনের বিষয়ে তাঁকে কোনো ইমেল, কল বা মেসেজ পাঠিয়ে আগাম জানানো হয়নি। উল্টে বিমানবন্দরের কর্মীদের থেকে সাহায্য চাইলে তাঁকে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয়। ক্ষুব্ধ অভিনেত্রী লেখেন, “এয়ার ইন্ডিয়া এক নতুন অধঃপতনে পৌঁছেছে। গেট বদলে দেওয়া হলো অথচ জানানো হলো না। নতুন ফ্লাইটের ব্যাপারে সাহায্য চাওয়া হলে কর্মীরা অত্যন্ত অপেশাদার এবং অভদ্র আচরণ করেন।” তিনি আরও যোগ করেন, ” যারা সংকটের সময় যাত্রীদের সাহায্য করতে পারে না, তারা অশিক্ষিত এবং অযোগ্য”।

এদিকে মীরার এই পোস্টের জবাবে এয়ার ইন্ডিয়া জানায় যে, অপারেশনাল কারণে গেট পরিবর্তন করা হয়েছিল এবং নিয়ম অনুযায়ী তাঁর রেজিস্টার্ড কন্টাক্ট ডিটেইলসে নোটিফিকেশন পাঠানো হয়েছে। তবে এয়ারলাইন্সের এই দাবি সরাসরি নস্যাৎ করে দিয়েছেন মীরা। তাঁর পাল্টা প্রশ্ন, “আমাকে কিছুই পাঠানো হয়নি। দুবার জিজ্ঞেস করা সত্ত্বেও গেটের কর্মীরা আমাকে কিছু বলেননি। ‘আমরা সাহায্য করতে পারব না’—এই কথা বলা কি কাস্টমার সার্ভিসের মধ্যে পড়ে?”

পেশাগত জীবনে মীরা চোপড়াকে শেষবার দেখা গিয়েছিল সন্দীপ সিং পরিচালিত ‘সফেদ’ ছবিতে। তবে কাজের খবরের চেয়ে বর্তমানে এয়ার ইন্ডিয়ার সঙ্গে তাঁর এই সংঘাতই এখন নেটপাড়ায় চর্চার কেন্দ্রবিন্দু। ভারতের নামী এই বিমান সংস্থার পরিষেবার মান নিয়ে অভিনেত্রীর তোলা প্রশ্নগুলো আবারও সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা মনে করিয়ে দিচ্ছে।

(Feed Source: zeenews.com)