Bangladesh Election 2026 Result: কাজে এল না কট্টর ভারত-বিরোধিতা, পরিবর্তনের বাংলাদেশে ভোটবাক্সে পরাজিত সার্জিস-তাসনিমরা…

Bangladesh Election 2026 Result: কাজে এল না কট্টর ভারত-বিরোধিতা, পরিবর্তনের বাংলাদেশে ভোটবাক্সে পরাজিত সার্জিস-তাসনিমরা…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এলেন, দেখলেন ও জয় করলেন। হাসিনা পরবর্তী বাংলাদেশের ত্রয়োদশ সাধারণ নির্বাচনে জয়ের ইমারতে বিএনপি। দুই-তৃতীয়াংশ আসন পেয়ে দু’ যুগ পর সরকার গড়তে চলেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি। ১৭ বছর পর দেশে ফেরেন তারেক। আর তারপরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে তাঁর বসা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছে।

এদিকে যে ছাত্রবিক্ষোভের জেরে ক্ষমতাচ্যুত ও পদচ্যুত হন শেখ হাসিনা, সেই ছাত্র আন্দোলনের অন্যতম মুখরা পরাজিত এই নির্বাচনে। তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ ছিলেন সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারী, তাসনিম জারারা। পরাজিত এরা প্রত্যেকেই। পরাজিত ব্যরিস্টার ফুয়াদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার করেছিলেন এরা। ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য শোনা গিয়েছিল এদের মুখে। কিন্তু ভোটবাক্সের ফলাফল বলছে, কাজে এল না কট্টর ভারত বিরোধিতা। বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি দেশের মুক্তিযুদ্ধকে অস্বীকার। আর সেইসঙ্গে ‘পরম বন্ধু’ ভারতের বিরোধিতা করা।

ঢাকা-৯ আসনে পরাজিত সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। পেশায়  চিকিৎসক, গবেষক এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব তাসনিম জারা আগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সঙ্গে যুক্ত ছিলেন। দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তবে ২০২৫-এর ডিসেম্বরের আগেই তিনি দল ছাড়েন। নির্বাচনে ফুটবল প্রতীক নিয়ে লড়েন তাসনিম জারা।

ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ঢাকা-৯ আসনে তাসনিম জারা পেয়েছেন ৪৪,৬৮৪ ভোট। বিএনপির প্রার্থী হাবিবুর রশিদের কাছে পরাজিত হয়েছেন তিনি। ধানের শীষ প্রতীকে হাবিবুর রশিদ মোট ১,১১,২১২ ভোট পেয়ে বিজয়ী ছেন। অর্থাৎ তিনি তাসনিম জারার চেয়ে ৬৬, ৫২৮ ভোট বেশি পেয়েছেন।

ওদিকে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী মুহম্মদ নওশাদ জমিরের কাছে ৮,১২০ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। নওশাদ জমির ধানের শীষ প্রতীকে ১,৭৬,১৬৯ ভোট পেয়ে জয়ী হন। আর তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সারজিস আলম শাপলা কলির প্রতীকে পেয়েছেন ১,৬৮,০৪৯ ভোট। পরাজয় মেনে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে সারজিস আলম ভালো কাজে সহযোগিতা করার আশ্বাস জানান।

(Feed Source: zeenews.com)