)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্রিটিশ রাজপরিবারে আছড়ে পড়ল বড়সড় আইনি বিপর্যয়। কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের হাতে সরকারি গোপনীয় নথি পাচারের অভিযোগে গ্রেফতার হলেন রাজা তৃতীয় চার্লসের ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর। বৃহস্পতিবার সকালে পূর্ব ইংল্যান্ডের স্যান্ড্রিংহাম এস্টেটে তাঁর অস্থায়ী বাসভবন ‘উড ফার্ম’ থেকে তাঁকে আটক করে টেমস ভ্যালি পুলিস।
পুলিসের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যান্ড্রুর বিরুদ্ধে ‘সরকারি দপ্তরে অসদাচরণ’ (Misconduct in Public Office)-এর গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগ উঠেছে, ২০১০ এবং ২০১১ সালে ব্রিটিশ বাণিজ্য দূত হিসেবে কাজ করার সময় তিনি সিঙ্গাপুর, হংকং এবং ভিয়েতনাম সফরের অত্যন্ত গোপনীয় বাণিজ্যিক ও বিনিয়োগ সংক্রান্ত নথি এপস্টিনকে পাঠিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে ছয়টি পুলিসের গাড়ি এবং সাদা পোশাকে আটজন অফিসার স্যান্ড্রিংহামে গিয়ে অ্যান্ড্রুকে হেফাজতে নেন।
ভাইয়ের গ্রেফতারের খবর পাওয়ার পর রাজা তৃতীয় চার্লস এক বিবৃতিতে তাঁর গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। তবে তিনি স্পষ্টভাবে বলেছেন, “আইন নিজের গতিতে চলবে।” রাজার নির্দেশেই অ্যান্ড্রুর রাজকীয় উপাধি আগেই কেড়ে নেওয়া হয়েছিল। অন্যদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও কঠোর বার্তা দিয়ে জানিয়েছেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়।”
সম্প্রতি মার্কিন বিচার বিভাগ প্রায় ৩০ লক্ষ পৃষ্ঠার এপস্টিন ফাইল জনসমক্ষে আনলে অ্যান্ড্রুর সঙ্গে তাঁর সম্পর্কের গভীরতা এবং স্পর্শকাতর ইমেল বিনিময়ের প্রমাণ সামনে আসে। এর আগে ভার্জিনিয়া জুফ্রে নামের এক নারী অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগও তুলেছিলেন, যার নিষ্পত্তি কয়েক মিলিয়ন ডলারের বিনিময়ে আদালতের বাইরে করা হয়েছিল। এখন সরকারি নথি পাচারের এই ফৌজদারি মামলা প্রাক্তন এই রাজপুত্রের ভবিষ্যৎকে অন্ধকারের মুখে ঠেলে দিল।
(Feed Source: zeenews.com)
