
রাঁচি: মাত্র ১৪ বছর বয়সে ক্রিকেট বিশ্বে হইচই ফেলে দিয়েছে । বলা হচ্ছে, ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় কিশোর । ভারতের ১৪ বছর বয়সী তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) ১৭ ফেব্রুয়ারি দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা দিতে যায়নি । কিন্তু কেন পরীক্ষা দিল না বৈভব? এবার বৈভবের বাবা, সঞ্জীব সূর্যবংশী বিষয়টি স্পষ্ট করে জানালেন যে কেন ১৪ বছর বয়সী তারকা ক্রিকেটার পরীক্ষা দেয়নি । সঞ্জীবের বক্তব্য, তাঁর ছেলে সিদ্ধান্ত নিয়েছে যে সে ক্রিকেটে মনোযোগ দেবে এবং বর্তমানে রাজস্থান রয়্যালসের প্রাক মরশুম শিবিরে অংশ নিচ্ছে ।
বৈভব কেন বোর্ড পরীক্ষা দেয়নি
বৈভবের বাবা সঞ্জীব নিশ্চিত করে জানিয়েছেন যে, বৈভব সূর্যবংশী এখন নাগপুরে আছে । সেখানে সে রাজস্থান রয়্যালসের প্রাক মরশুম প্রস্তুতি শিবিরে অনুশীলন করছে । তিনি আরও জানান যে বৈভব এই বছর পরীক্ষা দেবে না, সে আগামী বছর আবার বোর্ড পরীক্ষা দেবে ।
সঞ্জীব জানিয়েছেন যে বৈভব যদি পরীক্ষা দিতে যেত, তাহলে খেলায় মনোযোগ দিতে পারত না । বৈভবের বাবা বলেন যে তাঁর ছেলে একজন মেধাবী ছাত্র, তবে বর্তমানে সে তার পুরো মনোযোগ ক্রিকেটের উপরই দিয়েছে । তিনি বলেন, “যখন বৈভব নিয়মিত স্কুলে যেত, তখন পড়াশোনায় খুব ভাল ছিল । তার সব বিষয়ে ৯০ শতাংশের বেশি নম্বর আসত, তবে এখন তার কাছে অগ্রাধিকার ক্রিকেট ।”
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি বৈভব সূর্যবংশী পোদার ইন্টারন্যাশনাল স্কুলে পরীক্ষায় অনুপস্থিত ছিল । স্কুলের প্রিন্সিপাল এন কে সিনহা জানিয়েছেন যে, নিয়ম অনুযায়ী অনুপস্থিত থাকার কারণে বৈভবকে ‘অ্যাবসেন্ট’ চিহ্নিত করা হয়েছে ।
বিশ্বকাপ জয়ী দলের সদস্য
বৈভব সূর্যবংশীকে সম্প্রতি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে খেলতে দেখা গিয়েছিল । ভারত ফাইনালে ইংল্যান্ডকে ১০০ রানে হারিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের খেতাব জিতেছিল । ফাইনালে বৈভব ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছিল । বৈভব সেই টুর্নামেন্টে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান ছিল । সে ৭ ম্যাচে ৪৩৯ রান করেছিল । ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ১৪ বছরের কিশোর । আপাতত ক্রিকেটই যার ধ্যানজ্ঞান ।
(Feed Source: abplive.com)
