
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:রাজ্যের সরকারি হাসপাতালে ফের এক সাফল্যের নজির। রাজ্যে প্রথম বার সরকারি হাসপাতালে সাফল্যের সঙ্গে বসানো হল সিউচারলেস বা সেলাইবিহীন হার্ট ভালভ। সিউচারলেস বা সেলাইবিহীন হার্ট ভালভ হল একটি আধুনিক, সেলাই-বিহীন টিস্যু ভালভ যা সাধারণত অ্যাওর্টিক স্টেনোসিস (Aortic Stenosis) চিকিৎসায় ব্যবহৃত হয়। সেলাই করার প্রয়োজন না থাকায় এটি দ্রুত বসানো যায়, যা হার্ট-লাং মেশিনে থাকার সময় কমায়।
এই সাফল্যের নজির এসএসকেএম (SSKM Hospital) হাসপাতাল। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালে এই জটিল অস্ত্রোপচারটি হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, উন্নত প্রযুক্তির এই হার্ট–ভালভের বাজারমূল্য প্রায় ৪.৫০ লক্ষ টাকা। কিন্তু রোগীর খরচ পড়েছে শূন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাজ্য সরকারের প্রকল্প স্বাস্থ্যসাথীর কল্যাণে রোগীকে এর জন্য কোনও খরচ করতে হয়নি।
পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্প রাজ্যের সাধারণ মানুষের জন্য একটি ক্যাশলেস স্বাস্থ্য বিমা পরিষেবা। ২০১৬ সালের ৩০ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প চালু করেন। প্রতিটি পরিবার বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পায়। আর হার্টের এই জটিল অস্ত্রোপচারে
ফের স্বাস্থ্যসাথীর সুফল মিলল।
এই জটিল অস্ত্রোপচারটি আধুনিক প্রযুক্তির এক বড় সাফল্য। স্বাস্থ্য মহলের মতে, সরকারি হাসপাতালে এই ধরনের আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়লে রাজ্যের রোগীরা উন্নততর চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বড় সুবিধা পাবেন এবং হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত খুলে যাবে।
এই সাফল্যের জন্য এসএসকেএমের চিকিৎসকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন। তাঁদের মতে, উন্নত হৃদরোগের অস্ত্রোপচারকে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।
(Feed Source: zeenews.com)
